২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে কেনা হচ্ছে হেলিকপ্টার

উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের জন্য তদারকি প্রতিষ্ঠান বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেনা হচ্ছে দুটি হেলিকপ্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 11:15 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ নেতাদের সঙ্গে বৈঠকে এতথ্য জানিয়েছেন।

আইএমইডিকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনও বলেছেন, ‘প্রয়োজন হলে আইএমইডির জন্য দুটি হেলিকপ্টার কিনুন। কাজটি এখন করা হচ্ছে।”

তবে আইএমইডিকে শক্তিশালী করার জন্য জেলা বা বিভাগীয় পর্যায়ে কার্যালয় খোলার প্রয়োজন এখন আর দেখছেন না মুস্তফা কামাল।

“আমরা এখন কেন্দ্রে বসেই সব কিছু করব। ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা এক জায়গায় বসেই তো সকল তথ্য পাব, তৃণমূল পর্যায়ে অফিস বাড়াব কেন?”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের এক একনেক সভায় মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে আইএমইডিকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছিলেন। চার বছর গড়ালেও বিভাগটির উন্নয়নে তেমন কাজ হয়নি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। ২০০৯ সালের আগে আমাদের আমাদের ইকোনমিক সিনারিও ছিল ভিন্ন। ২০০৯ সালের পর থেকে এগুলো এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে মিলিয়ে সকল বিষয়ে একই সময়ে সক্ষমতা বৃদ্ধি করা অসম্ভব।”

উন্নয়ন কাজে নিরাপত্তা বাহিনীকে সম্পৃক্ত করার বিষয়ে তিনি বলেন, “(অনেক প্রকল্পে) আমাদের যেসব সমস্যা ছিল সেনাবাহিনীকে না দিলে তা আমরা সমাধান করতে পারতাম না।

“জমি উদ্ধার করতে পারতাম না। ফেরিঘাট উদ্ধার করতে পারতাম না। সেনাবাহিনী এখন আমাদের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করছে।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানও ছিলেন।