২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই বাজেটে শিক্ষা খাতে ১৬% বরাদ্দ দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে ২৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে এই বাজেটেই ১৬ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের আগের দিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে বাম ছাত্র সংগঠনটি।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, “শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে আসন্ন বাজেটে ন্যূনতম ১৬ ভাগ বরাদ্দ দিতে হবে।”

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে হতাশা রয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদেরও। বাম রাজনীতি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নাহিদ এক সময় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।

শিক্ষামন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ছাত্র ইউনিয়ন জানিয়েছে, এই বাজেটে শিক্ষা খাতে ন্যূনতম ১৬ ভাগ বরাদ্দের দাবিতে স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি খোলা চিঠি পাঠাবে তারা।

দাবি মানা না হলে আগামী ৫ জুন সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ছাত্র সমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা বাজেটের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত না করা এবং সামরিক শিক্ষাখাতের ব্যয়ভার প্রতিরক্ষা খাতে অর্ন্তভুক্ত করার দাবিও জানায় ছাত্র ইউনিয়ন।

সেই সঙ্গে একইধারার শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয়করণের ‘বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট রূপরেখা’ও নতুন বাজেটে চেয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত উপস্থিত ছিলেন।