২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ঘাটতি কমেছে

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) গত বছরের একই সময়ের চেয়ে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 11:29 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

এই সময়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ২০ লাখ (৪.৬৪ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশমিক ৬৭ শতাংশ কম।

বিশ্ববাজারে খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের দাম কমায় বাণিজ্য ঘাটতি কমছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রপ্তানি আয় বেশ বেড়েছে। কিন্তু জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানিতে খরচ কমায় সামগ্রিক আমদানি ব্যয় তেমন বাড়েনি।”

সে কারণেই বাণিজ্য ঘাটতি কম রয়েছে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বখত।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪ কোটি ২০ লাখ (৪ দশমিক ৬৪ বিলিয়ন) ডলার।

এটা গত অর্থবছরের একই সময়ের ঘাটতির চেয়ে দশমিক ৬৭ শতাংশ কম।

২০১৪-১৫ অর্থবছরের এই নয় মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৩০ লাখ (৪ দশমিক ৬৭ বিলিয়ন) ডলার।

চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য আমদানিতে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) সব মিলিয়ে ২ হাজার ৯০০ কোটি ডলার ব্যয় করেছে বাংলাদেশ।

আর পণ্য রপ্তানি থেকে (এফওবিভিত্তিক, ইপিজেডসহ) আয় হয়েছে ২ হাজার ৪৩৫ কোটি ৩০ লাখ ডলার।

এ হিসাবে ঘাটতির পরিমাণ ৪৬৪ কোটি ২০ লাখ ডলার।

২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি খাতে ব্যয় হয় ২ হাজার ৭২৩ কোটি ৩১ লাখ ডলার। রপ্তানি থেকে আয় হয়েছিল ২ হাজার ২৫৫ কোটি ৮০ লাখ ডলার। ঘাটতি ছিল ৪৬৭ কোটি ৩০ লাখ ডলার।

বাণিজ্য ঘাটতি কমেছে সেবা খাতেও।

গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এ খাতের ঘাটতি ছিল ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ১৯০ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয়-ব্যয় হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।

এফডিআই বেড়েছে ২১ শতাংশ

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে গত বছরের একই সময়ের চেয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (নিট-এফডিআই) বেড়েছে ২১ দশমিক ৫৪ শতাংশ।

২০১৫-১৬ অর্থবছরের এই নয় মাসে বাংলাদেশে মোট ১৬৩ কোটি ১০ লাখ ডলারের এফডিআই এসেছে; গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩২ কোটি ২০ লাখ ডলার।

কমেছে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ

জুলাই-মার্চ সময়ে পুঁজিবাজারে ৫ কোটি ২০ লাখ ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছে; গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬ গুণ বেশি, ৩২ কোটি ৮০ লাখ ডলার।