ট্রেনের ২০০ আধুনিক বগি আনবে সরকার
রেলপথে যাত্রীসেবা বাড়াতে ২০০ আধুনিক কোচ আমদানি করতে যাচ্ছে সরকার।
এজন্য নেওয়া প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অনুমোদন পেয়েছে।
চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
প্রকল্পে ওই ২০০ বগি আমদানির জন্য এক হাজার ১৯৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এর মধ্যে সরকার রেলওয়েকে ইক্যুইটি হিসেবে ৩৪০ কোটি ৫৯ লাখ টাকা দেবে। বাকি ৮৫৬ কোটি টাকা ঋণ দেবে চীনা।
খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া দেশের সব মিটারগেজ ও ডুয়েলগেজ লাইনে দেওয়া হবে এসব বগি।
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়ন ও অর্থায়ন পদ্ধতিতে করার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে চীনের রেল উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান সিএসআর সিফাং কোম্পানি লিমিটেড নির্বাচিত হয়েছে।
ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান নজরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে প্রকল্পটি পিইসি সভায় অনুমোদন পেয়েছে। সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় পাঠানোর সুপারিশও করা হয়।
“দেশের চলমান রেলওয়ের কোচগুলো অনেক পুরান হওয়ায় জরুরিভিত্তিতে এসব কোচ আমদানি করতে হবে।”
প্রকল্পটির জন্য প্রস্তুত ডিটেইল প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) এর সার-সংক্ষেপে দেখা গেছে, বর্তমানে রেলওয়েতে ১ হাজার ১৬৫টি মিটারগেজ যাত্রীবাহী কোচ রয়েছে। এর ৪৫৬টির বয়স ৩৫ বছরের বেশি। ১৩৫টির বয়স ৩১ থেকে ৩৪ বছর।
মেকানিক্যাল কোড অনুযায়ী কোচগুলোর স্বাভাবিক আয়ু ৩৫ বছর। সে হিসাবে এখন ৪৫৬টি কোচ মেয়াদ উত্তীর্ণ।
এসব কোচসহ মোট ৫৯১টি কোচ এখন নানা ধরনের ত্রুটি নিয়ে চলছে। ফলে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
তবে কোচ সঙ্কটের কারণে এতো বিপুল সংখ্যক কোচ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বাতিল বা অকেজো ঘোষণা করা যাচ্ছে না।
এমন এক পরিস্থিতিতে কোচগুলোর প্রতিস্থাপন করতে জরুরিভাবে কোচ আমদানি করা প্রয়োজন।
প্রকল্প দলিলে আরও বলা হয়, রেলওয়ের জন্য প্রথমে ভারতীয় ১০০ কোটি ডলারের ঋণ থেকে ৩১৪টি মিটারগেজ কোচ আমদানির দুটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্প দুটি একনেকে অনুমোদনও পায়।
কিন্তু বাংলাদেশ রেলওয়ের ‘স্পেসিফিকেশন’ অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠান এমজি কোচ তৈরি করতে না পারায় প্রকল্প দুটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে চীনা কোম্পানি সিএসআর সিফাং এর মাধ্যমে ২০০টি এমজি কোচ আদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
