২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ পানি ও স্যানিটেশনে আলাদা বরাদ্দ দাবি

নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনাকে গ্রামীণ জনপদের মানুষের অগ্রাধিকারমূলক চাহিদায় রেখে বাজেটে এই খাতে আলাদা বরাদ্দ চেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:37 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

সম্প্রতি একটি মাঠ জরিপ প্রতিবেদনের তথ্য প্রকাশ করে এই সুপারিশ করে সংস্থাটি।

আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে গ্রামের মানুষের চাহিদা সম্পর্কে জানতে চায় প্রতিনিধি দল। এবিষয়ে দেশের চারটি জেলার ২৪টি ইউনিয়নে প্রায় সাতশ মানুষের মতামত ও চাহিদার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে জনপ্রতি ৬১৫ টাকা এবং ২৭৮ টাকা চাহিদা রয়েছে। বাজেটে প্রান্তিক অঞ্চলের মানুষকে গুরুত্ব দিতে হলে বিষয়টি বিবেচনায় আনা প্রয়োজন।

ডরপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতামত সংগ্রহ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন সচিব, ইউনিয়ন সদস্য, বেসরকারি উন্নয়ন সংগঠন নেটওয়ার্কের প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের সমন্বয়ে গঠিত বাজেট পরিবীক্ষণ ক্লাবের প্রতিনিধি, প্রত্যন্ত গ্রামের জনগণের সমন্বয়ে গঠিত স্বাস্থ্যগ্রামের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে নিজেদের মত দেন।

উপস্থিত মানুষের সংখ্যা ও উপজেলার মোট সংখ্যার সঙ্গে গড়/সমন্বয় করে গ্রামীণ জনপদের মানুষের অগ্রাধিকারমূলক চাহিদায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনাকে রাখার সিদ্ধান্তে নেওয়া হয়।

পানি, স্যানিটেশন ও পয়ঃপরিচ্ছন্নতার জন্য লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চারটি ইউনিয়নের জন্য ১৭০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা, বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩০ লাখ ৭১ হাজার ৮০০ টাকা, সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০৯ লাখ ৮০ হাজার ৬০০ টাকা এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫টি ইউনিয়নে ১০৫ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার চাহিদার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এ বিষয়ে ডরপ এর গবেষণা প্রধান মোহাম্মদ যোবায়ের হাসান জানান, বাজেট আলোচনায় গ্রামীণ জনপদের মানুষের চাহিদার কথা উঠে এসেছে। বর্তমানে বাংলাদেশ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে।

এই সুনামকে অক্ষুন্ন রাখতে হলে সরকারসহ, জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারি উন্নয়ন সংগঠনের সবাইকে একসাথে কাজ করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।