বেকার সমস্যার সমাধান পেয়েছেন মুহিত
বিদেশে লোক পাঠিয়ে দেশের বেকার সমস্যার সমাধানের আশা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী তিন বছর পর দেশে কর্মহীন সক্ষম মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
সোমবার এনআরবি ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, “আমাদের মেয়াদের আগামী তিন বছরের মধ্যে দেশে আর বেকার থাকবে না; বেকার সমস্যা সমাধানের বিভিন্ন রাস্তা খুঁজে পেয়েছি। আগামী তিন বছরের মধ্যে বেকার মানুষের অস্তিত্ব আমরা খুঁজে পাব না।”
সমাধানের রাস্তা ব্যাখ্যায় অর্থমন্ত্রী বলেন, “আমাদের এক তৃতীয়াংশ শ্রমিক বিদেশে যায়, বিদেশে যাওয়া তাদের বেকার সমস্যার সমাধান করে দেয়। এখনও যথেষ্ট বেকার মানুষ আমাদের দেশে আছে। আমার মনে হয়, আগামী তিন বছরের মধ্যে এদেশে বেকার মানুষের অস্তিত্ব আমরা পাব না।”
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাহিত্যে সেলিনা হোসেন, ব্যাংকিং খাতে খন্দকার ইব্রাহীম খালেদ এবং মানবতার সেবার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেনকে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।
এসময় দেশে সম্পদের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি স্বীকার করে এজন্য কিছু অসুবিধা দেখা দিলেও অর্থনৈতিক কোনো বিপর্যয় আসবে না বলে মত প্রকাশ করেন মুহিত।
“বাংলাদেশের ব্যাংকিং খাতটা বলা যায়- আমাদের বিত্তের তুলনায় বেশ প্রশস্ত। কারণ এখনোতো আমরা একটি গরিব দেশ। আমাদের জাতীয় আয় এমন কিছু নয়। মাথাপিছু আয় সেটাও এমন কিছু নয়, কোনো মতে মধ্যম আয়ে আমরা পৌঁছেছি।
“সেই অবস্থায় আমাদের দেশে ব্যাংকের সংখ্যা অনেকে বলেন. . . অনেক বেশি, আমারও মনে হয় বেশি; সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি মনে করি অসংখ্য ব্যাংক থাকা এমন খারাপ কিছু নয়।”
বেশি ব্যাংকের কারণে কিছু ঝামেলা হলেও যুক্তরাষ্ট্রে গত শতকের ত্রিশের দশকের অর্থনৈতিক বিপর্যয়ের মতো কোনো ধরনের ধস হওয়ার সম্ভাবনা বর্তমানে নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এর ব্যাখ্যায় তিনি বলেন, “কারণ আজকাল আমরা সারা পৃথিবী এতো গভীরভাবে সম্পৃক্ত যে যখনই কোনো অসুবিধা হয় তখনি আমরা আলোচনা শুরু করি, আলোচনার মাধ্যমে তা সমাধান করি। তার শ্রেষ্ঠ প্রমাণ হলো, ২০০৭ থেকে শুরু হওয়া বিশ্বব্যাপী অর্থনৈতিক ধস বিভিন্ন দেশ মোকাবিলা করেছে- সেটা সত্যি সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জল দৃষ্টান্ত।”
১৯৩০ সালের অর্থনৈতিক বিপর্যয়ে কয়েক হাজার ব্যাংক বিদায় হয়ে গেলেও তারপর ব্যাংকিং ব্যবস্থা যেভাবে ‘সুশৃঙ্খলও সুনিয়ন্ত্রিতভাবে’ গড়ে ওঠেছে তাতে অর্থ ব্যবস্থায় ‘ওই রকমের ধসে পড়া এখন অচিন্তনীয়’ বলে মন্তব্য করেন মুহিত।
“যেভাবে হোক ব্যাংক সংরক্ষিত হবে এবং ব্যাংক চলতে থাকবে।”
অর্থমন্ত্রী গত সাত বছরে শেয়ার বাজারের ধসসহ বাংলাদেশের অর্থব্যবস্থায় বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন তার বক্তব্যে।
“আমাদের গত সাত বছরের ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের আর্থিক খাতে বেশ বিপর্যয় গেছে। আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে হঠাৎ পুঁজিবার খুব চাঙ্গা হয়ে উঠল, কিন্তু তারপরেই হলো ব্যাপক ধস। ২০১০ সালের সেই ধস ভুলবার নয়।
“তারপরে সোনালী ব্যাংকের জালিয়াতির একটি কাণ্ড ঘটে গেল, তা আরেকটা বিপর্যয় ছিল। আরেকটা হচ্ছে বেসিক ব্যাংকের লুটতরাজ। এ ব্যাংকটি ১২ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারতো। সেটার লিমিট চলে গেল তার পর ব্যাপক ধরনের লুটতরাজি চলল।”
এ সময় জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাম্প্রতিক ঘটনাকে সংকট হিসেবে উল্লেখ করেন প্রবীণ মুহিত।
“সেদিন অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে। ১৯৩৭ সাল থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংক পৃথিবীর দেখভাল করে। সেখান থেকে মুদ্রা পাচার হয়ে গেলে। পাচার হলো গরিব বাংলাদেশের।
“সুতরাং ক্রাইসিসের কোনো অন্ত নেই, আমরা অনেক ক্রাইসিসের সম্মুখীন হয়েছি। এসব ক্রাইসিস মোকাবিলা কলে আমরা টিকে আছি, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেদিক দিয়ে আমরা সারা পৃথিবীতে অনন্য কয়েকটি দেশের মধ্যে একটি।”
মন্ত্রী বলেন, “২০০৭-০৮ থেকে পৃথিবীর অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়- তাতে প্রবৃদ্ধির আশা দারুণভাবে সংকুচিত হয়ে যায়। এসময়ে মাত্র ৫-৭টি দেশ একটা গ্রহণযোগ্য প্রবৃদ্ধি বজায় রাখতে পেরেছে। আমরা সেখানে সফল।
“গত ছয় বছরে গড়ে আমরা ৬ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছি। এ বছর আমরা ৭ শতাংশে পৌঁছুতে পারি। একটা দুর্যোগকালীন সময়ে আমাদের অর্থনীতি ভালোভাবে চলেছে। আমাদের অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য হলো প্রবৃদ্ধি উঠানামা করেনি। এই স্থিতিশীলতা দেশের অর্থনীতির জন্য ভালো।”
বক্তব্যে অর্থমন্ত্রী দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও কথা বলেন।
“আমাদের দেশে রাজনৈতিক বিভেদ অত্যন্ত সুগভীর, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব সবসময় বোঝা যায়। আমার একটা লক্ষ্যমাত্রা ছিল দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড এতো ব্যাপকভাবে বাড়বে তখন দেশে ওই অস্থিতিশীল পরিস্থিতি আর হবে না। আমার মনে হয় সেটা ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠা করেছি। ২০১৫ সালে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয়নি। আমার ধারণা এটা আগামীতেও বজায় থাকবে।”
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘আরও বড় হারে’ নিয়ে যাওয়াকে ‘বড় চ্যালেঞ্জ’ আখ্যায়িত করে সেজন্য যথাযথ পরিকল্পনার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী মাল মুহিত।
