আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ সভা ভিডিও কনফারেন্সেও করা যাবে
আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও করা যাবে। একইভাবে করা যাবে নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভাও।
বাংলাদেশ ব্যাংক সোমবার বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।
এর ফলে দায়িত্বশীল কোনো ব্যক্তি বিদেশ সফরে থাকলেও সভা আটকে থাকবে না, বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা।
সার্কুলারে বলা হয়েছে, “কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান/পরিচালকের দেশের বাহিরে অবস্থানজনিত কারণে পরিচালক পর্ষদ/নির্বাহী কমিটি/নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে তা সম্পন্ন করা যাবে।”
