মধ্যম আয়ের দেশ নয়, মধ্যম মানের জীবন চাই: খলীকুজ্জমান
বিশ্ব ব্যাংক থেকে ‘মধ্যম আয়ের দেশ’র স্বীকৃতি পেয়ে আত্মতুষ্টিতে না ভুগে ধনী-গরীবের বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, “ধনী-গরিবের সম্পদের মধ্যে একটা গড় করে দিয়ে বলা হয়, মধ্যম আয়ের দেশ। কিন্তু পৃথিবীর মধ্যম আয়ের অনেক দেশেও দারিদ্র্য পুঞ্জিভূত আছে। এক্ষেত্রে মানুষের মধ্যে বৈষম্য যেটা ছিল সেটা থেকে যায়।”
উপরের দিকে ‘কিছু লোকের’ উন্নয়ন হলে তা ‘চুইয়ে চুইয়ে’ নিচের দিকে যাওয়ার যে কথা বলা হয় তা কোনোদিনও সম্ভব নয় মন্তব্য করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের চেয়ারম্যান বলেছেন, “তাই মধ্যম আয়ের দেশের দিকে বেশি জোর না দিয়ে মধ্যম মানের জীবনযাত্রা নিশ্চিত করতে হবে।”
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি খলীকুজ্জমান বলেন, “অনেকে প্রবৃদ্ধি নিয়ে হৈ চৈ করেন। এসব জানার জন্য বিশ্ব ব্যাংক-আইএমএফের কাছে যান। আমাদের চেয়ে তাদের কাছে বেশি জানতে চান, বাংলাদেশ কেমন আছে?
“এ কারণে তারা তাদের ধ্যান-ধারণা এদেশে প্রয়োগ করতে পারছে। তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে।
“আমাদের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পত্রপত্রিকা দেখে নিজেদের কাঠামো অনুযায়ী কিছু হয়তো বলতে পারেন। কিন্তু আমাদের মানুষের কাছে তাদের যাওয়ার সুযোগ আমরাই করে দিচ্ছি।”
হল-মার্ক ও বেসিক ব্যাংকের মতো অর্থ লোপাটের ঘটনার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে লুটপাটকারীরা প্রশ্রয় পাবে মন্তব্য করে তিনি বলেন, “এতে সম্পদ বৈষম্য বাড়বে। মুক্তির কোনো উপায় নেই।”
দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের কাছে যাওয়ার কথা তুলে ধরে পিকেএসএফ চেয়ারম্যান বলেন, “অংকের হিসাবে প্রবৃদ্ধি বাড়লেও এক হিসাবে অতি দরিদ্র মানুষের সংখ্যা ১১ শতাংশ, দরিদ্র মানুষের সংখ্যা ২৪ শতাংশ। অন্য আরেক হিসাবে, বহুমাত্রিক দরিদ্রের সংখ্যা আগের চেয়েও ২১ শতাংশ বাড়ে।
“তবে মানুষের মধ্যে দারিদ্র্য থাকলেও এগিয়ে যাওয়ার উৎসাহ আছে। সেটাকে কাজে লাগাতে হবে। কোন গোষ্ঠী কোন সমস্যায় আছে সেদিকে নজর দিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে।”
খলীকুজ্জমান বলেন, “বিশ্বব্যাপী মানুষ উন্নতির শিখরে অবস্থান করছে, সেটা সম্পদ তৈরিতে ও প্রযুক্তির বিকাশে। কিন্তু নব্য উদারতাবাদের কারণে কিছু লোক সেই সম্পদ কুক্ষিগত করে রেখেছে। এ কারণে বৈষম্য বাড়ছে।
“মুষ্টিমেয় কিছু মানুষ সম্পদ ভোগ করছে, বাকিরা বঞ্চিত। এই অবস্থা বজায় রেখে টেকসই উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হচ্ছে তা কোনোভাবে বাস্তবায়ন সম্ভব না।”
মানুষের কাছে উন্নয়ন নিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতির এই অধ্যাপক বলেন, “বাস্তবতাকে মানুষের সামনে তুলে ধরার জন্য অনেকে অংক করে, গবেষণা করে তুলে ধরেন। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ করে প্রশংসিতও হন। কিন্তু বাস্তবতা অনেক সময় সেই গবেষণা থেকে অনেক দূরে থাকতে পারে। কিন্তু আবুল বারকাত তার বইতে বাস্তবতার নিরিখে মানুষের কাছে বোধগম্য ভাষায় সব কিছু তুলে ধরেছেন।”
অধ্যাপক আবুল বারকাত
তিনি বলেন, “রবীন্দ্রনাথ ক্ষুদ্রঋণ দিতে গিয়ে জমিদারি হারিয়েছিলেন। আর এখন অনেকে ক্ষুদ্রঋণ দিয়ে বিশাল জমিদারি গড়ে তুলছেন এবং অঢেল সম্পদের মালিক বনে যাচ্ছেন। দুটি বিপরীতমুখী দিককেও ভাবনায় রাখতে হবে।”
অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের অতিথি শিক্ষক অধ্যাপক সাই কুরাসাওয়া, নাট্যজন মামুনুর রশিদ বক্তব্য দেন।
মুক্তিবুদ্ধি প্রকাশনা থেকে বের হওয়া ২২৭ পৃষ্ঠার এই বইয়ের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
