২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে অপপ্রচার: তৌফিক ইলাহী

বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে স্থানীয়দের আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে অপপ্রচার চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 11:39 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

সোমবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলার পর এক সাংবাদিক অপপ্রচারকারীদের নাম জানতে চাইলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “এটা আপনারা বুঝে নেন।”

বাঁশখালীর গণ্ডামারায় বেসরকারি প্রতিষ্ঠান এস আলমের ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষের সমাবেশ নিয়ে গত ৪ এপ্রিল সংঘর্ষে চারজন নিহত হন।

শুক্রবার গণ্ডামারায় গিয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির একটি প্রতিনিধি দল বিদ্যুৎকেন্দ্র নিয়ে রক্তক্ষয়ের জন্য ক্ষমতাসীন দল ও এস আলম গ্রুপকেই দায়ী করে।

নাগরিক এই কমিটি সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পেরও বিরোধিতা করে আসছে।

বাঁশখালীতে স্থানীয়রা কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরূপ প্রভাব তাদের লবণের জমি ও চিংড়ি ঘের নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। তাছাড়া পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব নিয়েও শঙ্কা তাদের। 

তবে উপদেষ্টা তৌফিক বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র করার পক্ষে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, ওই এলাকা সমুদ্রের নিকটবর্তী হওয়ায় কয়লা পরিবহন সহজ হবে। এছাড়া ওখানে বসতিও কম।

ওই প্রকল্প পরিবেশের নীতিমালা মেনে কাজ হচ্ছে কি না- এ প্রশ্নে সংবাদ সম্মেলনে উপস্থিত বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, “পরিবেশ নীতিমালা মেনে হচ্ছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই।”

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও ছিলেন।