২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ জাম্প’ দিতে হবে: অর্থমন্ত্রী

উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করতে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে ’বিগ জাম্প’ দিতে হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 10:01 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

“জিডিপির বিপরীতে বাংলাদেশের বাজেট বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় সর্বনিম্ন ও সবচেয়ে ছোট বাজেট। লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে বিগ জাম্প দিতে হবে, বিগ জাম্প ছাড়া হবে না।”

২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট তৈরির প্রস্তুতির মধ্যে রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন মুহিত।

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের অর্জন নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।

“২ লাখ ৯৭ হাজার কোটি টাকার বিপরীতে বাস্তবায়নের পরিমাণ মাত্র ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা। ফলে কাটছাঁটের কারণে আগামী বাজেটের প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে।”

অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের বিপরীতে বাংলাদেশের বাজেট বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় সর্বনিম্ন ও সবচেয়ে ছোট।

“আমাদের রাজস্ব আদায় কম, বাজেটও কম। পৃথিবীতে যেসব দেশ ছোট ছোট বাজেট দেয়, বাংলাদেশ তার অন্যতম। বাংলাদেশের বাজেট যেখানে জিডিপির তুলনায় মাত্র ১৭ থেকে ১৮ শতাংশ। অন্যদিকে নেপালের বাজেট জিডিপির তুলনায় ২৮ থেকে ৩০ শতাংশ, পাকিস্তানের ২৭ শতাংশ ও ভারতের ৩৪ শতাংশ।”

বাংলাদেশের বাজেটের আকার আরও ১৩ থেকে ১৪ শতাংশ বাড়াতে চাইলেও জিডিপির ২০ শতাংশের বেশি বাড়ানো সম্ভব হবে না, বলেন মুহিত।

আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হতে পারে বলে আভাস দেন তিনি। সেইসঙ্গে বলেন, এটা এখনও চূড়ান্ত হয়নি। মে মাসের শেষের দিকে চূড়ান্ত করা হবে।

রাজস্ব আদায় নিয়ে অর্থমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা (৩০ শতাংশ) তাদের গড় পারফরমেন্সের তুলনায় একটু বেশিই ধরা হয়েছিল। সেটা অর্জন করা সম্ভব হবে না। এটা কমাতে হবে।”

সরকারি কোষাগারে চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ডিভিডেন্ড হস্তান্তর অনুষ্ঠানে বাজেট নিয়ে সাংবাদিকদের নানা কৌতূহলী প্রশ্নের মুখে পড়েন মুহিত।

অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ প্রায় ৬০ কোটি টাকা, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড ৩৫০ কোটি টাকা, ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ৮৪ লাখ টাকা এবং সাধারণ বীমা কর্পোরেশন ২৫ কোটি টাকা ডিভিডেন্ড হস্তান্তর করে।

এ সময় অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।