৯ মাসে এডিপির ৪১% বাস্তবায়ন
চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের ৪১ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয় করতে পেরেছে সরকার।
নয় মাসের এ বাস্তবায়ন মোট বরাদ্দের ৪১ ভাগ। এ হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ ভাগ কম।
চলতি অর্থবছরের জন্য ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল সরকার।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, “নয় মাসে গত অর্থবছরের তুলনায় বাস্তবায়ন হারের দিক দিয়ে ২ শতাংশ পিছিয়ে থাকলেও অর্থ ব্যয়ের দিক দিয়ে বেশি।
“গত অর্থবছর একই সময়ে যেখানে ৩৬ হাজার ৯২৫ কোটি টাকা ব্যয় হয়েছিল, সেখানে এবারের নয় মাসে ব্যয় হয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা।”
মন্ত্রী বলেন, অর্থবছরের নয় মাসে সরকারের নিজস্ব তহবিলের বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ২৬ হাজার কোটি টাক বা বরাদ্দের ৪২ ভাগ। আর বৈদেশিক সহায়তা খাত থেকে ব্যয় হয়েছে ১৩ হাজার ৮৩২ কোটি টাকা বা বরাদ্দের ৪০ ভাগ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এনইসি সভায় উপস্থাপন করা প্রতিবেদনে দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৩২ হাজার ৪৮২ কোটি টাকা। এ ব্যয় মোট বরাদ্দের ৪৪ ভাগ।
এই ১০ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দের ৫৪ ভাগ অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগটি ৮ হাজার ৬৪৬ কোটি টাকা ব্যয় করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ সড়ক পরিবহন বিভাগ বাস্তবায়ন করেছে ৫২ ভাগ বরাদ্দ। এ বিভাগটি মোট ব্যয় করেছে ২ হাজার ৯৫৮ কোটি টাকা।
তৃতীয় সর্বোচ্চ ৫১ ভাগ বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগটি নয় মাসে মোট ৮ হাজার ৪৬৮ কোটি টাকা ব্যয় করেছে।
