মার্চে মূল্যস্ফীতি বেড়েছে
চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে (পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে) সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে ৫ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ।
সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জন্য ডাল, মাছ-মাংস, মসলা, চিনি ও তামাকজাত পণ্যের দাম বাড়াকে কারণ হিসেবে দেখছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে তিনি বলেন, “আমরা মূল্যস্ফীতি ৬ এর কাছাকাছি রাখার চেষ্টা করছি। সে হিসেবে বছরের শুরুর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে আছে।’
মন্ত্রী বলেন, ‘মার্চে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশ, যা ফ্রেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ৭৭ শতাংশ।
তবে একই সময়ে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যিস্ফীতি কমেছে বলে জানান মুস্তফা কামাল।
“গত মাসে খাদ্য বর্হিভূতপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ।”
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মার্চে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৭৬ শতাংশে।
একই সময়ে গ্রামে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ০৪ শতাংশ৷
এছাড়া মার্চে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮২ শতাংশে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ৷
মার্চে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশে।
আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬১ ভাগে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৮ ভাগ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ১২ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ১৪ শতাংশ।
