২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে কবির গভর্নর পদে ৪ বছরের জন্য

সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

একইসঙ্গে দুই ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগ ১৫ মার্চ থেকে বাতিলের আদেশও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রিজার্ভ চুরির পর চাপের মুখে আতিউর রহমান গভর্নরের পদ ছাড়ার পর এসব সিদ্ধান্ত মঙ্গলবার অর্থমন্ত্রী জানালেও বুধবার আনুষ্ঠানিক আদেশ আসে।   

আতিউরের পদত্যাগের পর দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়ার সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে।

অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন ফজলে কবির।

আতিউরও ২০০৯ সালে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল। তা শেষ হওয়ার আগে বিদায় নিতে হয়েছে তাকে।  

নতুন গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে বলা রয়েছে।

১৯৫৫ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ফজলে কবির। তার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল গ্রামে।

Image
ফজলে কবির (ফাইল ছবি)

ফজলে কবির (ফাইল ছবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফজলে কবিরের কর্মজীবন শুরু হয় ১৯৮০ রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে। এর তিন বছরের মাথায় প্রশাসনে যোগ দেন তিনি।

২০১২ সালে অর্থ সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন তিনি।

গভর্নর ফজলে কবিরের স্ত্রী মাহমুদা শারমিন বেনু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

ডেপুটি গভর্নর কাশেম ও নাজনীনের চুক্তিভিত্তিক নিয়োগ ১৫ মার্চ থেকে বাতিল করা হয়েছে। তাদের নিয়োগের মেয়াদ আগামী অগাস্ট ও জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল।

গত ফেব্রুয়ারির প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার চুরি হওয়ার বিষয়টি প্রায় এক মাস পর বিদেশি একটি পত্রিকার মাধ্যমে জানাজানির পর চাপে পড়েন আতিউর।

ঘটনা না জানানোয় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এরপরই ব্যাপক পরিবর্তন আসে।

পুরনো খবর:

গভর্নর পদ ছাড়তে হল আতিউরকে
দুই ডেপুটি গভর্নরও বাদ
নতুন গভর্নর ফজলে কবির
রিজার্ভ চুরি: মামলা, তদন্তে কমিটি গঠন