বাংলাদেশ ব্যাংকের পর্ষদে নতুন দুই সদস্য
রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
তারা হলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান।
রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান প্রজ্ঞাপনটি পাওয়ার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যায় প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকে এসেছে। মঙ্গলবার নতুন সদস্যদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হবে।”
গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়।
ফিলিপিন্সের ডেইলি ইনকোয়ারার ২৯ ফেব্রুয়ারি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে এই ঘটনা দুটি দেশেই আলোচনায় আসে।
কেন্দ্রীয় ব্যাংক অর্থ লোপাটের এই ঘটনা চেপে যাওয়ায় অসন্তোষ জানিয়ে রোববার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক ব্রিফিংয়ে বলেন, বিষয়টি যেভাবে সামাল দেওয়ার চেষ্টা হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের ‘অযোগ্যতারই’ নমুনা।
একইদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নরকে নিয়ে বৈঠক করেন।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদকেও অর্থ হ্যাকিংয়ের বিষয়টি জানানো হয়নি।
অর্থমন্ত্রীর ক্ষোভ প্রকাশ এবং ডেপুটি গভর্নরদের নিয়ে বৈঠকের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের অর্ডার ১৯৭২ এর প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে তিন বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হলো এই দুই জনকে।
কিছুদিন আগে নয় সদস্যের পরিচালনা পর্ষদের চার সদস্যের মেয়াদ শেষ হয়েছিল। বাকি দুই জনকেও দু-একদিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
গভর্নর আতিউর রহমান পদাধিকার বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং ডেপুটি গভর্নর (এক) আবুল কাশেমও পদাধিকার বলে এই পরিচালনা পর্ষদের সদস্য।
