২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আরও ২০০ কোটি ডলারের চূড়ান্ত চুক্তি বুধবার

বাংলাদেশকে ভারতের নতুন ২০০ কোটি ডলারের ঋণের বিষয়ে বুধবার চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে।বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা।

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 08:53 AM

Updated : 20 Aug 2022, 12:05 PM

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ভারতের ওই ২০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিটের (এলওসি) চূড়ান্ত ঋণ চুক্তি সই হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহা. আসিফ উজ জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার বেলা ৩টায় ওই চুক্তি হবে। এতে বাংলাদেশের পক্ষে ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের পক্ষে দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সই করবেন।

ইআরডি অতিরিক্ত সচিব আসিফ-উজ- জামান জানান, অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা থাকবেন।

সম্প্রতি ভারতীয় দূতাবাস থেকে ইআরডিতে একটি চিঠি পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, চিঠিতে ভারতের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা চুক্তিতে সই করবেন বলে জানানো হয়েছে।

২০১৫ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশকে নতুন করে ২০০ কোটি ডলারের ‘নমনীয় ঋণ’ দিতে সমঝোতা চুক্তি হয়। অবশেষে তার চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে।

বিলম্বের কারণ সম্পর্কে ইআরডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ভারতীয় ঋণে বাস্তবায়িতব্য প্রকল্পগুলোর জন্য ভারত থেকে পণ্য ও সেবা আমদানির বিষয়ে মতান্তর হওয়ায় কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। শেষ পর্য়ন্ত প্রথম এলওসির মতো ৬৫-৭৫ শতাংশ সেবা ও পণ্য আমদানি ভারত থেকে আমদানির নিশ্চয়তা থাকছে চুক্তিতে।

এ ঋণের চূড়ান্ত চুক্তির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ২০০ কোটি ডলারের ঋণের সব শর্তই ২০১০ সালে চুক্তি হওয়া প্রথম ১০০ কোটি ডলারের ঋণের মতোই হবে।

১০০ কোটি ডলারের ঋণে ১৫টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়; যার সাতটি শেষ হয়েছে, বাকিগুলো চলমান।

প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ২০০ কোটি ডলারের ঋণের জন্যও প্রথম এলওসির মতো মাত্র ১ শতাংশ হারে সুদ দিতে হবে। কমিটমেন্ট ফি দিতে হবে শূন্য দশমিক ৫ শতাংশ হারে। আর ৫ বছরের রেয়াতকালসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ে অর্থ ব্যয় নিশ্চিত করতে না পারলে ২ শতাংশ হারে সুদের অতিরিক্ত দণ্ড সুদ দিতে হবে। শর্ত হিসেবে চলমান ঋণের মতো নতুন প্রকল্পগুলোর অন্তত ৬৫-৭৫ শতাংশ পণ্য ও সেবা অবশ্যই ভারত থেকে আনতে হবে।

নতুন ২০০ কোটি ডলার ঋণের অর্থে বাস্তবায়নের জন্য সরকার ১৩টি উন্নয়ন প্রকল্প বাছাই করেছে; যার মধ্যে রেলের তিন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ডলার।

সড়ক, নৌ, রেলপথ, তথ্যপ্রযুক্তি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে ১৩টি প্রকল্প বাস্তবায়নে দুই দেশের মধ্যে ওই সমঝোতা চুক্তি হয়। নির্বাচিত ১৩ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি ডলার।

এর মধ্যে আছে রেলপথের খুলনা-দর্শনা সেকশনকে ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ডলার। রেলের দ্বিতীয় প্রকল্প পার্বতীপুর-কাওনিয়া রেল লাইনকে ডুয়েল গেজে উন্নীতকরণ; ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ডলার। রেলের তৃতীয় প্রকল্প সৈয়দপুর রেল স্টেশনের ওয়ার্কশপ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫০ লাখ ডলার।

পরিবহন খাতের মধ্যে বিআরটিসির জন্য ৫০০টি ট্রাক সংগ্রহ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ডলার। এছাড়া ৫ কোটি ৮৪ লাখ ডলার দিয়ে কেনা হবে বিআরটিসির জন্য দ্বিতল বাস। এ খাতের আরেক প্রকল্প হচ্ছে, সড়ক ও জনপথের জন্য উন্নত যন্ত্রপাতি আমদানি প্রকল্প, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৯১ লাখ ডলার।

স্বাস্থ্য খাতের উন্নয়নে ভারতীয় ঋণে চারটি মেডিকেল কলেজ ও একটি জাতীয় বার্ন ইনস্টিটিউট স্থাপন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ডলার।

অন্যগুলোর মধ্যে ১২ জেলায় হাইটেক আইটি পার্ক নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ১০ লাখ ডলার।

নৌ পরিবহন খাতে আশুগঞ্জ নদী বন্দরের আধুনিকায়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪২ লাখ ডলার। এ খাতের আরেকটি প্রকল্প হচ্ছে আশুগঞ্জ বন্দরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো উন্নয়ন প্রকল্প। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯১ লাখ ডলার।

ভারতের নতুন ঋণের অর্থে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং দুটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট উন্নয়ন করার কথাও রয়েছ। এজন্য ৩৫ কোটি ১৩ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে।  প্রকল্পটি বাস্তবায়ন শেষে বছরে আরও ১ লাখ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।