২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়ন কর্মকাণ্ডে অনেক এগিয়েছে বাংলাদেশ’

উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ অনেক এগিয়েছে বলে মনে করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেটি ডিক্সন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 01:08 AM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি ছিমিয়াও ফ্যানকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রীর সরকারি বাসভবন তন্ময়ে বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধিকে নিয়ে পরিচয় করিয়ে দেন অ্যানেটি ডিক্সন।

Image
অ্যানেটি ডিক্সন (ফাইল ছবি)

অ্যানেটি ডিক্সন (ফাইল ছবি)

অ্যানেটি ডিক্সন বলেন, “আমি এখানকার উন্নয়নে মুগ্ধ। বাংলাদেশ অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডে অনেক ভালো করেছে। বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাংলাদেশ ঠিকমত কাজে লাগিয়েছে। বিশেষ করে দারিদ্র বিমোচনে এগিয়ে যাচ্ছে, মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে।”

বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নেরও প্রশংসা করে তিনি।

অ্যানেটি আরও বলেন, “গতকাল আমি অনেকগুলো প্রকল্প পর্যালোচনা (রিভিউ) করার সুযোগ পেয়েছি, যাতে বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়ন হয়েছে। আমি এসব প্রকল্পের উচ্চ মাত্রার বাস্তবায়ন দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি।”

চীনা নাগরিক ছিমিয়াও ফ্যান সোমবারই বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেছেন। ফ্যান বাংলাদেশের পাশাপাশি ভুটান ও নেপালেরও দায়িত্ব পালন করবেন।