২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দর পতনে কমছে রেমিটেন্স

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে তেলের দর পতন আর মার্কিন ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার মান কমাকে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৯৭৭ কোটি (৯.৭৭ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫২ শতাংশ কম। আর সর্বশেষ ফেব্রুয়ারি মাসে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে ৪ শতাংশ রেমিটেন্স কম এসেছে। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের এবং মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার দর পতনের কারণে রেমিটেন্স প্রবাহ কমছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট

তার ধারণা, অর্থবছরের বাকি সময়ে রেমিটেন্স বাড়বে।

এর কারণ ব্যাখ্যা করে ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি রেমিটেন্স দেশে পাঠাবেন। সে কারণে মে-জুন মাসে রেমিটেন্স প্রবাহ বাড়বে।

“সবমিলিয়ে চলতি অর্থবছরে গত অর্থবছরের সমান বা তার থেকে কিছু কম-বেশি রেমিটেন্স আসবে।”

২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫.৩২ মিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। এর মধ্যে জানুয়ারিতে আসে ১১৫ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় এসব দেশের অর্থনীতি এখন সঙ্কটের মুখে।

“এতদিন এই দেশগুলোতে আমাদের প্রবাসীরা ওভারটাইম করে বাড়তি উপার্জন করতেন। সেটা দেশে পাঠাতেন। এখন আর সেই কাজ পাচ্ছেন না তারা। সঙ্কটে পড়ে ব্যয় কমিয়ে দিয়েছে ওই দেশগুলো,” বলেন ছাইদুর রহমান।

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এর মধ্যে ৬০ শতাংশের বেশি আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে। গত ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশটি থেকে।

মোট রেমিটেন্সের ৬৫ শতাংশই পাঠান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশিরা।

মধ্যপ্রাচ্যের এই শ্রমিকদের পাঠানো অর্থেই গতিশীল বাংলাদেশের অর্থনীতি।

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের তথ্য অনুয়ায়ী, বুধবার (২ মার্চ) প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৩৪ ডলারে বিক্রি হয়েছে।

এক বছর আগে এর দর ছিল ৫০ ডলার। পাঁচ বছর আগে ছিল ১০০ ডলার।

মাস দুয়েক আগে তেলের দর ২২ দশমিক ৪৮ ডলারে নেমেছিল।

তেলের দরপতনে বিশ্ব অর্থনীতিতে চলছে অস্থিরতা; বড় বড় পুঁজিবাজারেও দরপতন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩৯ কোটি ডলারের রেমিটেন্স আসে। অগাস্টে আসে ১১৯ কোটি ৫০ লাখ ডলার। ১৩৫ কোটি ডলার আসে সেপ্টেম্বরে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে আসে যথাক্রমে ১১০ কোটি, ১১৪ কোটি ২৫ লাখ এবং ১৩১ কোটি ২৬ লাখ ডলার। জানুয়ারিতে এসেছিল ১১৫ কোটি ২০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা। ২০১৩-১৪ অর্থবছরে তা কমে ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে নামে।

গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

চলতি অর্থবছরের আট মাসের হিসেবে প্রবাসীদের পাঠানো অর্থ কমলেও রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

বুধবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ১০ বিলিয়ন ডলার।

পুরনো খবর:

১৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স
তেলে ‘স্বস্তি’ থাকবে অর্থবছরজুড়ে, আশায় অর্থমন্ত্রী
তেলের দরপতনে টালমাটাল বিশ্ব পুঁজিবাজার