মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে পাওয়ারপ্যাক
মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ পেয়েছে শিকদার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাওয়ারপ্যাক।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে কোম্পানিটিকে চূড়ান্ত অনুমোদন দিয়ে চুক্তি সই করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
চুক্তির অনুযায়ী, মংলা নদীবন্দরের পাশে ২০৫ একর জমির ওপর প্রথমবারের মতো সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নির্মাণাধীন এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে পাওয়ারপ্যাক ইকোনমিক জোন লিমিটেড।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, গত বছর ২৮ মে পাওয়ারপ্যাককে প্রাক-যোগ্যতা সনদ দেওয়া হয়েছিল। দীর্ঘ ১০ মাস তাদের কর্মতৎপরতা দেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হল।
“পাওয়ারপ্যাক আগামী ৫০ বছর এই অর্থনৈতিক জোনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করবে। ডেভেলপার হিসাবে তারা দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে পাওয়ারপ্যাকের পক্ষ থেকে জানানো হয়, মংলা অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা তৈরি পোশাক, কাগজ, প্লাস্টিক, ধাতব, ওষুধ, আসবাব, সিমেন্ট, খেলনা, জাহাজসহ পরিবহন তৈরি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত চামড়াজাত, কৃষিজাত ও রাসায়নিকের কারখানা স্থাপন করতে পারবে।
মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে আগামী ১৫ বছরে ৩০ হাজার হেক্টর জমিতে ১০০টি ইকোনমিক জোন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী সভাপতি মেজর জেনারেল হাবিবুর রহমান খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পাওয়ারপ্যাক ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার বক্তব্য রাখেন।
পবন চৌধুরী বলেন, “মংলা অর্থনৈতিক অঞ্চল দুটি (ডমিস্টিক ও ইন্টারন্যাশন্যাল) ভাগে বিভক্ত থাকবে। ডমিস্টিক অঞ্চলের কারখানাগুলোর পণ্য সম্পূর্ণ দেশীয় বাজারে বিতরণ হবে।
“আর ইন্টারন্যাশনাল অঞ্চলে উৎপাদিত পণ্যের ২০ শতাংশ দেশীয় বাজারে বিপণন করা যাবে।”
নতুন এই অর্থনৈতিক অঞ্চলে পাওয়ারপ্যাক বিদেশি বিনিয়োগ এনে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাপ্রকাশ করেন বেজার নির্বাহী চেয়ারম্যান।
২০১০ সালে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আইন পাস করার পর ৮টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদ দেওয়া হয়েছে।
