২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই থেকে’ আয়কর জমা অনলাইনে

আগামী জুলাই থেকে সব ধরনের আয়কর জমা এবং বিবরণী অনলাইনে দাখিলের সুযোগ সৃষ্টি করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 09:38 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

এই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার এনবিআরের ৬৪৯টি আয়কর সার্কেল অফিসে ‘কম্পিউটার সামগ্রী প্রদান ও ইনস্টলেশন’ কার্যক্রম উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

‘স্ট্রেনথেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের এর আওতায় এই সব কম্পিউটার সামগ্রী দেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রকল্প পরিচালক কালিপদ হালদার বলেন, “এনবিআরকে পুরোপুরি ডিজিটাল করার অংশ হিসেবে আমরা এ সকল কার্যক্রম করছি। ধীরে ধীরে আয়কর বিভাগকে পুরোপুরি অটোমোটেড ও পেপারলেস করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি।”

তিনি জানান, মার্চ থেকে পাইলট প্রকল্প শুরু করে জুনের মধ্যে তা শেষ করতে চান তারা।

“এরপর জুলাই থেকে করদাতারা ‘ই-পেমেন্টের’ মাধ্যমে অনলাইনে সকল কর দিতে পারবেন, অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন এবং প্রাপ্তি স্বীকার তথ্যও অনলাইনে দেওয়া হবে।”

এতে রাষ্ট্রের কর আদায়কারী সংস্থাটি ‘জনবান্ধব’ হওয়ার পাশাপাশি ‘যৌক্তিক বা অযৌক্তিক’ সব অভিযোগ এড়ানো যাবে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তা কালিপদ।

এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ভিয়েতনামের আইটি প্রতিষ্ঠান ‘এফপিটি ইনফরমেশন সিস্টেম কর্পোরেশন’।

Image
কর আদায়ে জোর দিচ্ছে সরকার, এবার শীতকালীন আয়কর মেলারও আয়োজন হয়েছিল

কর আদায়ে জোর দিচ্ছে সরকার, এবার শীতকালীন আয়কর মেলারও আয়োজন হয়েছিল

এই উদ্যোগের মাধ্যমে দেশ ‘আরেক কদম এগিয়ে গেল’ মন্তব্য করে এজন্য নতুন প্রজন্মের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থ প্রতিমন্ত্রী।

“আমরা সঠিক পথেই আছি। এটা আমাদের রাজনৈতিক বক্তব্য নয়। এটা আমাদের আমাদের জাতীয় বিকাশের বক্তব্য।”

অনুষ্ঠানের সভাপতি এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, “এই অনুষ্ঠানটি ছোট পরিসরে হলেও এর ব্যাপ্তি অনেক বড়। সারা বাংলাদেশে প্রায় সাড়ে ছয়শ’ সার্কেলে আমাদের হার্ডওয়ার সামগ্রী পৌঁছে যাচ্ছে।

“এনবিআরকে ক্রমান্বয়ে ডিজিটাল করতে গত সংসদে আমাদের ওপর যে রাজনৈতিক নির্দেশনা ছিল, পরপর তিনটি অনুষ্ঠান করে, ২৬ জানুয়ারি ডিজিটাল কাস্টমস, গতকাল ডিজিটাল ভ্যাট, আজকে ডিজিটাল ট্যাক্স নিয়ে আলোচনা করলাম।”