শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহী জাপান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপান।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতাবাবে মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপান ইতোমধ্যে একটি প্রস্তাবও জমা দিয়েছে।
অর্থায়ন নিয়ে অনিশ্চয়তায় পড়া শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ চালাতে গত ২০ ডিসেম্বর বিমানমন্ত্রীকে প্রস্তাব দেয় জাপানের রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা, জাইকা।
মেনন ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান।
গত বছরের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন ও খসড়া মাস্টার প্ল্যান’ উপস্থাপন করা হয়।
ওই মহা পরিকল্পনায় বলা হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু ওই বছরের প্রথম পাঁচ মাসেই ৬৭ লাখ যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করে।
বাংলাদেশের প্রধান এই বিমানবন্দরের যাত্রী সংখ্যা প্রতি বছর ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে থাকায় ২০১৯ সালে নতুন টার্মিনালের প্রয়োজন হবে।
১৩ মে ওই পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে দ্রুততম সময়ে তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিন্তু জাইকা, দক্ষিণ কোরিয়া সরকার এবং কুয়েত ফান্ড কর্তৃপক্ষ এ প্রকল্পে অর্থায়নে রাজি না হওয়ায় সৃষ্টি হয় জটিলতা।
প্রকল্পটিতে জাপানের অর্থায়ন নিয়ে গত ১৫ ডিসেম্বর জাইকা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী মেনন।
বাংলাদেশের পর্যটনসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বানও রাষ্ট্রদূতকে জানান পর্যটনের দায়িত্বে থাকা মন্ত্রী মেনন।
রাষ্ট্রদূত জানান, জাইকা বাংলাদেশের যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বেশ কিছু খাতে বিনিয়োগ করছে। পর্যটন শিল্পকেও তারা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
