২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দ্রুত তৃতীয় টার্মিনাল নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুততম সময়ের মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 05:37 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের সম্ভব্যতা যাচাই ও খসড়া মহা পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনা এই নির্দেশ দেন।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন ও খসড়া মাস্টার প্ল্যানের উপস্থাপনা’ অনুষ্ঠানটি হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে এ বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কার্গো ভিলেজ, ভিভিআইপি কমপ্লেক্স, অভ্যন্তরীণ টার্মিনাল নির্মাণ করা হবে। চলতি বছর শুরু হয়ে ২০১৯ সালে এ কাজ শেষ হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, প্রথম পর্যায়ের এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দশ হাজার সাতশ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু চলতি বছর এরইমধ্যে ৬৭ লাখ যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করেছেন।

শাহজালাল বিমানবন্দরের যাত্রী সংখ্যা প্রতি বছর ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে থাকায় ২০১৯ সালে নতুন টার্মিনালের প্রয়োজন হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে ১৮ শতাংশ বেশি কার্গো সামাল দিচ্ছে শাহজালাল বিমানবন্দর।

এ বিমানবন্দরের ‘কার্গো হ্যান্ডলিংয়ের’ ক্ষমতা প্রতি বছর দুই লাখ টন হলেও বর্তমানে ২ দশমিক ৩৭ লাখ টন মালামাল ওঠানামা হচ্ছে।

যাত্রী ও কার্গো ব্যবস্থাপনার বর্ধিত চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা প্রণয়নে কোরিয়ার ইউশিন, সিঙ্গাপুরের সিপিজি এবং স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ডিডিসিকে নিয়ে একটি যৌথ প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে পশ্চিম ও পূর্বের মধ্যে সেতুবন্ধ হিসাবে তুলে ধরে এ দেশের বিমানবন্দরগুলোর সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেন।

বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কথা চিন্তা করে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার  পাশাপাশি সৈয়দপুর ও ঈশ্বরদী বিমানবন্দরের উন্নয়নের উপর জোর দেন।

এছাড়া তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের রানওয়ে রক্ষা করার কথাও বলেন শেখ হাসিনা।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।