২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়ছে

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়াতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 05:07 PM

Updated : 20 Aug 2022, 11:44 AM

সোমবার ভুটানের স্পিকার জিগমে জাংপোর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই ইচ্ছার কথা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা রাজী হাসান, এসকে সুর চৌধুরী ও নাজনীন সুলতানার মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি। তাদের পুনঃনিয়োগ চেয়ে গভর্নর এর মধ্যে সুপারিশ করেছেন।

২০১২ সালের জানুয়ারিতে তাদের নিয়োগ দেওয়া হয়।

ভুটানের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর করিডোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে এক সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্যপদ পূরণের বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান।

জবাবে মুহিত মন্ত্রী বলেন, “ওটা হবে।”

তাদেরকেই আবার নিয়োগ দেওয়া হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “ওয়েল, দেখা যাক। জনপ্রশাসনের সঙ্গে কথা বলতে হবে।

“এখন আমার যেটা সমস্যা হচ্ছে, এদেরকে অ্যাক্সটেনশন না দিলে সার্চ প্রক্রিয়ায় সময় লাগে। তিন মাসের মতো সময় লাগে।”

তাহলে অ্যাক্সটেনশনই হচ্ছে- এক সাংবাদিকের এমন মন্তব্যে মন্ত্রী বলেন, “আশা করছি। আমাদেরকে আলোচনা করতে হবে।

“এই সমস্যা সম্পর্কে আমরা সবাই সচেতন আছি। আমি আমার মন্ত্রণালয়, জনপ্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীও।”

নতুন যোগ্য লোক কী নেই- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “আছে আছে, প্রক্রিয়াটা লম্বা তো। আই হ্যাভ টু সেট আপ অ্যা সার্চ কমিটি। দ্যান সার্চ কমিটি উইল ইনভাইট অ্যাপলিকেশন্স। শিউরলি, দেয়ার আর পিপল। আই নো সাম পিপল।”

বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “গভর্নর, ডেপুটি গভর্নর সব সময়ই চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক হওয়া ভালো।”

বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ দুই পদে চুক্তিভিত্তিক নিয়োগের পক্ষে বললেও সরকারি কর্মকর্তাদের ‘পারতপক্ষে’ চুক্তিভিত্তিক নিয়োগ না দিতে ২০১৪ সালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেককে চিঠি দিয়েছিলেন অর্থমন্ত্রী।

ভুটানের স্পিকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে মন্ত্রী বলেন, “ভুটান ইজ অলওয়েজ এগার টু এক্সপান্ড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। তারা খুশি যে, আমরা তাদের ওখান থেকে বোল্ডার নতুন ইমপোর্ট আনছি।

“আরও ভালো খবর আছে, ভারত বলে দিয়েছে, রাস্তাঘাটের যে সব অসুবিধা আছে, সে সব দূর করা যাবে। সো দ্যাট ইজ ইট।”

মন্ত্রী বলেন, “সুতরাং পরিবেশ অত্যন্ত ভালো, বিশেষ করে আমাদের তিন চার দেশের মধ্যে পরিবেশ এখন খুবই ভালো। আমাদের দেশের ইতিহাসে কখনোই এতটা ভালো ছিল না।”

ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চদেনও তার দেশের স্পিকারের সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে মুহিতের সুপারিশ