২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: বেসরকারি খাতকে কাজে লাগানোর পরামর্শ

বাংলাদেশে প্রাকৃতিক সম্পদকে মূলধন হিসাবে নেওয়া ব্যবসা-বাণিজ্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা আইএফসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 11:56 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বিনিয়োগ কিংবা সম্পদ রক্ষা করার মতো কোনো ‘ব্যবস্থা’ এখান না থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে এক্ষেত্রে বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সহনশীল ব্যবসার জন্য আইএফসির চালু করা ‘পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’-পিপিসিআর নিয়ে ঢাকায় অনুষ্ঠিত এক সভায় এসব বলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ, ভুটান ও নেপাল) ওয়েন্টি অরনার।

দুর্যোগ ঝুঁকি সহনশীল ব্যবসা প্রতিষ্ঠায় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা গেলে কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু সহনশীল পণ্য উৎপাদনের কৌশল বেরোবে বলে মন্তব্য করেন তিনি।

“উদাহরণ হিসাবে বলা যায়, বাংলাদেশে এসিআই, সুপ্রিম সিড লিমিটেড প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত এলাকাগুলোর কথা বিবেচনা করে জলবায়ু সহনশীল বীজ উৎপাদন করার চেষ্টা করছে। কোম্পানি দুটিতে বিনিয়োগ রয়েছে আইএফসির।”

অরনার বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন উন্নয়নের পথে মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নশীল ও উন্নত দেশগুলোতে রাজনীতি ও জাতীয় নীতিনির্ধারণে ‘ক্লাইমেট চেঞ্জকে’ এখন অগ্রাধিকারে রাখা হচ্ছে।

টেকসই উন্নয়নে আইএফসির পিপিসিআর প্রকল্প বিশ্বে প্রথম জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলার কর্মসূচিতে বেসরকারি খাত এখনও জোরালোভাবে অংশ নেয়নি।

“এ নিয়ে আইএফসির উদ্যোগই প্রথম। গতমাসে প্যারিসে কপ২১ সম্মেলনে বেসরকারি খাতের অংশগ্রহণের এ প্রকল্পকে প্রথম উদ্যোগ বলে অভিহিত করেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা।

“বেসরকারি খাতকে জলবায়ু পরিবর্তন সহনশীল কাজে যুক্ত করার প্রচেষ্টা শুরু হয়েছে, আইএফসি বাংলাদেশেও এই কাজ (পিপিসিআর) জোরদার করছে। এর মাধ্যমে গ্রাহকদের মাঝে অর্থনৈতিক ও পরামর্শগত সহায়তা বৃদ্ধি করা হবে।”

বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন জি রামা বলেন, অতি দারিদ্র্য দুরীকরণ ও সম্মিলিত উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

“জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কট এখন বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বাস্তবতা। এদেশের লাখ লাখ মানুষ খারাপ আবহাওয়ার কারণে নানাবিদ সমস্যার শিকার।”

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজিম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলার উদ্যোগের ওপর বিশেষ জোর দিয়েছে সরকার।

তিনি জানান, বাংলাদেশ সরকার পিপিসিআর থেকে ১১০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা পেয়েছে, যাতে কোনো সুদ ধরা হয়নি।

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা কর্মসূচির আওতায় বাংলাদেশে গত ১০ বছর ধরে কৃষি বাণিজ্যভিত্তিক বিভিন্ন প্রকল্পে আইএফসি কাজ করছে। কৃষি উৎপাদন হ্রাস মোকাবেলায় বীজ বৈচিত্র্যের উন্নয়নে আর্থিক বিনিয়োগ করে সংস্থাটি।

নতুন বীজ নীতিমালা প্রণয়ন ও জলবায়ু সহনশীল কৃষিনীতি প্রণয়নে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গেও কাজ করছে আইএফসি। এছাড়া শস্য ইনস্যুরেন্স ব্যবস্থা জোরদার করতে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গেও তারা কাজ করছে।

বর্তমানে বিশ্বব্যাপী আইএফসির ‘ক্লাইমেট স্মার্ট’ বিনিয়োগের পরিমাণ ১৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরেই নতুন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে ২ বিলিয়ন ডলার।

অনুষ্ঠানে জলবায়ুর বিরূপ প্রভাবের সঙ্গে মানানসই ঘরবাড়ি নির্মাণ, কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়ে পৃথক আলোচনা ও পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়।

আইএফসির বিভিন্ন স্তরের কর্মকর্তরা এসব বিষয়ে আলোচনা করেন।