এলপিজি প্ল্যান্টের কাজ দ্রুত শেষ করার তাগিদ
আবাসিকে গ্যাসের মিটার স্থাপন নিরুৎসাহিত করতে দ্রুত তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলপিজি প্ল্যান্ট স্থাপনে সরকারি-বেসরকারি উদ্যোগগুলো ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে। আবাসিক খাতের সংযোগে যে পরিমাণ গ্যাসের অপচয় হয় সেটা রোধ করতেই এই সুপারিশ করা হয়েছে।”
বৈঠকে গ্যাসের আবাসিক সংযোগে প্রিপেইড মিটার স্থাপনের কাজের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।
কমিটির সভাপতি এ প্রসঙ্গে বলেন, “প্রিপেইড স্থাপন নিয়ে নানা মহলের কথা আছে। এগুলো কতটুকু কার্যকর হচ্ছে সেটাও দেখা দরকার। এজন্য আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক রিপোর্ট চেয়েছি।”
আবাসিক খাতের গ্যাসের চাহিদার ৭০ ভাগ এলপিজির মাধ্যমে মেটানোর সরকারি পরিকল্পনার কথা গত ডিসেম্বর মাসে ঢাকায় এক অনুষ্ঠানে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে গ্যাসের অবৈধ লাইন ও সংযোগ বিছিন্নকরণ অভিযান অব্যাহত রাখা এবং এর জন্য এ লক্ষ্যে গঠিত টাক্সফোর্সের কার্যক্রমের অগ্রগতি কমিটির কাছে রিপোর্ট আকারে দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে গ্যাসের আবাসিক সংযোগে মিটার স্থাপন না করে গ্যাসকে এলপিজিতে রূপান্তরের সুপারিশ করা হয়।
তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আতিউর রহমান আতিক, আবু জাহির, এম. আবদুল লতিফ এবং এ.বি.এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন।
এছাড়া বৈঠকে জ্বালানি বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
