২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি

সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বরে নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

 

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরের চেয়ে দশমিক ০৫ শতাংশ বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য এসেছে।

মঙ্গলবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মুল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “দেশে খাদ্যপণ্যের দাম সামান্য কমে যাওয়ায় এ খাতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে কিছুটা বৃদ্ধির কারণে সাধারণ মূল্যস্ফীতি একটু বেড়েছে।”

তবে এ পরিস্থিতিকে ‘স্থিতিশীল’ বলে আখ্যায়িত করেন তিনি।

মন্ত্রী জানান, চলতি ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী বার্ষিক সাধারণ গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২০ শতাংশের রাখা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরে খাদ্য উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ, নভেম্বর মাসে যা ছিল ৫ দশমিক ৭২ শতাংশ।

ডিসেম্বরে খাদ্য বহির্ভূত উপখাতে সাধারণ মূল্যস্ফীতি ৭ দশমিক ০৫ শতাংশ। নভেম্বরে এটি ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।

গতবছরের শেষ মাসে গ্রামীণ অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ, যা নভেম্বরে ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।

আর নভেম্বরে শহরাঞ্চলের সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ৮৮ শতাংশ থাকলেও ডিসেম্বরে তা বেড়ে ৭ দশমিক ০৭ শতাংশ হয়েছে।