২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কোটি ডলারের তহবিলে আরও তিন ব্যাংক

উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৩০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী তহবিল ব্যবহারে যুক্ত হল পূবালী, যমুনা ও শাহজালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 06:51 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বেসরকারি এই তিনটি ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়।

এর আগে তিন দফায় ১৬টি ব্যাংকের সঙ্গে এই তহবিল ব্যবহারের চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক।

চুক্তির আওতায় উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হবে।

প্রথম পর্বে গত ১৯ নভেম্বর মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি হয়।

দ্বিতীয় পর্বে ১ ডিসেম্বর চুক্তি হয় ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক লিমিটেডের সঙ্গে।

২৩ ডিসেম্বর ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এই চুক্তি হয়।

বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল পরিচালনায় যোগ্যতাসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চতুর্থ দফায় রোববার যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক এ চুক্তি হল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘খুব শিগগিরই’ যোগ্যতাসম্পন্ন অন্যান্য ব্যাংকের সঙ্গেও এই চুক্তি হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ডেপুটি গভর্নর এস কে সুর বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক বিশদ পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকার আর্থ-সামাজিক বিভিন্ন খাতে অগ্রগতির সময়ভিত্তিক প্রক্ষেপণ বা রূপরেখা উল্লেখপূর্বক ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২১’ প্রণয়ন করেছে।

“সরকারি-বেসরকারি উভয় খাতে বছর-ওয়ারি বিনিয়োগের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক আগামী ২০২১ সালে জিডিপির ৩৮ শতাংশ হবে বলে প্রেক্ষিত পরিকল্পনায় প্রক্ষেপণ করা হয়েছে।”

বর্তমানে এই বিনিয়োগের পরিমাণ জিডিপির ২৯ শতাংশ।

বিনিয়োগের প্রধান চালিকা শক্তি বিবেচনায় বেসরকারি খাতের উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি উল্লেখ করে ডেপুটি গভর্নর বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার পূর্বশর্ত হিসেবে বেসরকারি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রবাহ বাড়ানো অত্যাবশ্যক।”

তিনি বলেন, উৎপাদনশীল খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসা সম্প্রসারণ, আধুনিকায়ন বা নতুন কারখানা স্থাপন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করতে নতুন ও উন্নত কারিগরি মানসম্পন্ন মূলধনী যন্ত্রপাতি আমদানি করা প্রয়োজন।

“আর এজন্য দরকার দীর্ঘমেয়াদে বিনিয়োগ। কিন্তু উচ্চ সুদে দীর্ঘমেয়াদে এ ধরনের বিনিয়োগের আর্থিক উপযোগিতা না থাকায় বাংলাদেশের উৎপাদনশীল খাতের সক্ষমতা আশানুরূপভাবে বাড়ছে না এবং স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছে না।”

এই প্রতিকূলতা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় প্রায় ৩০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।

তহবিল থেকে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে উৎপাদনশীল শিল্প খাতে ৫-১০ বছর মেয়াদী বৈদেশিক মুদ্রায় অর্থায়ন সুবিধা দেওয়া হবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো এ তহবিল যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে বলে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে এ উন্নয়ন প্রচেষ্টায় পরিবেশগত কোনো ঝুঁকি যেন সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন ডেপুটি গভর্নর।

তিনি আশা প্রকাশ করেন, ব্যাংকগুলো এ তহবিল ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রায় ঋণ চাহিদা পূরণ করলে বাণিজ্যিকভিত্তিতে দেশের বাইরে থেকে বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণও কমবে।