সক্ষমতা বেড়েছে চট্টগ্রাম বন্দরের, কিন্তু চাহিদা আরও বেশি
আগামী ২০১৯ সালের মধ্যেই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সর্বোচ্চ সক্ষমতা ২৬ লাখে উন্নীত হবে। কিন্তু ওই সময়ে বাংলাদেশে কন্টেইনার হ্যান্ডলিংয়ের চাহিদা হবে ৩০ লাখ।
এই তথ্য জানিয়ে আমদানি-রপ্তানির অতিরিক্ত এ চাহিদা পূরণে গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২০ লাখের রেকর্ড অতিক্রম ও সাফল্যের সনদ হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
রিয়ার এডমিয়াল নিজাম বলেন, বিদ্যুত উৎপাদন বাড়াতে যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে, তার জন্য বছরে প্রায় ৪ কোটি টন কয়লা আমদানি করতে হবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যও এলএনজি আমদানি করতে হবে। দুটি ক্ষেত্রেই বহু জাহাজ হ্যান্ডলিং করতে হবে চট্টগ্রাম বন্দরকে।
“অন্যদিকে দেশে চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে যে হারে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী ২০১৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সর্বোচ্চ সক্ষমতা ২৬ লাখে উন্নীত হবে। কিন্তু ওই সময়ে চাহিদা দাঁড়াবে ৩০ লাখ কন্টেইনার। এ অতিরিক্ত চাহিদা পূরণের জন্য গভীর সমুদ্র বন্দর প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রথম চার বছরেই চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ১০ থেকে ১৫ লাখে উন্নীত হয়।
“২০১৬ সালের মধ্যে ২০ লাখের লক্ষ্যমাত্রা এক বছর আগেই অর্জন করেছে বন্দর কর্তৃপক্ষ। সরকারের সার্বিক সহযোগিতার কারণেই এ সফলতা অর্জিত হয়েছে।”
প্রথম বারের মতো ২০ লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিজাম উদ্দিনের হাতে সম্মাননা তুলে দেন নৌ-পরিবহনমন্ত্রী।
