আরেকটি বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন
আরও একটি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে অর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্প।
বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্মিতব্য ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড বাস্তবায়নে ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ২২৮ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে আইপিএফএফ।
এই কেন্দ্র থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডা) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গঠিত এই প্রকল্প থেকে ১১টি বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করা হয়। ওইসব প্রকল্প থেকে ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
এছাড়া একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো, একটি আইটি অবকাঠামো প্রকল্প ও তিনটি পানি শোধন প্রকল্পে অর্থায়ন করেছে আইপিএফএফ। আইপিএফএফ থেকে মোট ২৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার ডলার অর্থায়ন করা হয়েছে।
দীর্ঘ মেয়াদি এই ঋণের সুদ হার সরকারের ১০বছর মেয়াদি ট্রেজারি বিল বা বন্ডের সুদ হার কাছাকাছি।
সরকার অনুমোদিত বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০০৭ সাল থেকে এই প্রকল্প থেকে অর্থায়ন করে আসছে।
