২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাতারবাড়ী হবে বাংলাদেশের সিঙ্গাপুর: মুহিত

তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

তিনি বলেছেন, “মাতারবাড়ীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে এটি শিল্পাঞ্চলে পরিণত হবে। এক কথায় এটি হবে বাংলাদেশের সিঙ্গাপুর।”

বুধবার মাতারবাড়ীর কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের সর্ববৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মাতারবাড়ীকে আওয়ামী লীগের দ্বিতীয় টুঙ্গিপাড়া হিসেবে জানেন। তাই মাতারবাড়ীর জনতা তার আপনজন। মাতারবাড়ীর ক্ষতি হয়, এমন কোনো কাজ তিনি করতে দেবেন না।”

সমাবেশে অর্থমন্ত্রী এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের মধ্যে ২৩ জনকে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

সমাবেশে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ১২ শত মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা ভূমির মালিকদের  ৬৫ ভাগ টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। বাকিদের টাকাও শিগগিরই বিতরণ করা হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চেীধুরী, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান মিকিও হাটিতা, উপজেলা চেয়ারম্যান মো. হোসেন ইব্রাহিম বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে হেলিকপ্টারে মাতারবাড়ীতে নামেন।

সুধী সমাবেশ থেকে অর্থমন্ত্রী হেলিকপ্টারে কক্সবাজারে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে আয়োজিত তিন দিনের ‘মেগা বিচ কার্নিভাল’ উদ্বোধন করবেন।