২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রতিবাদ

সরকার ঘোষিত জাতীয় বেতন কাঠামোয় ‘অবনমনের’ প্রতিবাদে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাচ পরে কাজ শুরু করেন কর্মকর্তারা।

দুপুরের বিরতিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনের সামনে ‘গণ জামায়েত’ কর্মসূচি পালন করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী রোববার বলেন, “আমরা আরও দুই দিন কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করে যাব। আশা করছি, এরমধ্যেই সরকার আমাদের দাবি মেনে নেবে।”

এর আগে ২৩ ডিসেম্বর ঘোষিত পে-স্কেল সংশোধন করে প্রবেশ পদে (সহকারী-পরিচালক) বিসিএস কর্মকর্তাদের সমান গ্রেড অর্থাৎ ৮ম গ্রেডে বেতনসহ বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন কেন্দ্রীয় ব্যাকের কর্মকর্তারা।

দীর্ঘ দিন থেকে বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তাবায়নের দাবি জানিয়ে আসছেন কর্মকর্তারা।

স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন না করে জাতীয় বেতন স্কেলে এক গ্রেড অবনমনের প্রতিবাদে ২২ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক চত্বরে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ডাকে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা।

পরে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ও নতুন কর্মসূচি দেওয়া হয়।