খুলনায় পানি সরবরাহ কাজের অগ্রগতিতে সন্তোষ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় প্রকল্প- খুলনা পানি সরবরাহ প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছে দাতা সংস্থা ও প্রকল্প সংশ্লিষ্টরা।
খুলনাবাসীকে শতভাগ সুপেয় পানি সরবরাহ করতে আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের ৩০ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
২০১৭ সালে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ২০১৬ সালের মধ্যেই এর কাজ শেষ হবে বলে মনে করছেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্তরা। ২০১৭ সালের প্রথম থেকেই খুলনার ১৫ লাখ মানুষের সবাই সুপেয় পানি পাবেন বলে আশা করছেন তারা।
উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাইকা এবং সরকারের যৌথ অর্থায়নে ‘খুলনা পানি সরবরাহ প্রকল্পের' আওতায় একটি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে খুলনা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (কেওয়াসা)।
খুলনা ওয়াসার প্রকল্প ব্যবস্থাপক খান সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। বাড়ছে সমুদ্রের জলরাশির উচ্চতা। উপকূলবর্তী এলাকাগুলোয় লবণাক্ততা বাড়ছে। পরিবর্তিত প্রেক্ষাপটে অভিযোজন সংশ্লিষ্ট নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন উপকূলের জনপদ।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতাসম্পন্ন প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা শহরের ১৫ লাখ মানুষের জন্য একটি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লবণাক্ত পানি আমাদের সবচেয়ে বড় সমস্যা। অন্য কোনো উপায় নেই বলেই এই পানি পান করতে হয়। গভীর নলকুপ দিয়েও সুপেয় পানি পাওয়া কঠিন হয়ে পড়ে। এবার এ সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে চলেছি।
“এতে আমরা খুলনাবাসী খুবই উল্লসিত।”
দাতা সংস্থা এডিবির একটি প্রতিনিধি দল গত ১৭ ডিসেম্বর খুলনা শহরে টেকসই পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যায়। প্রকল্প এলাকা ঘুরে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।
এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ওলেগ তনকনোজেনকভ বলেন, “প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখে আমি খুশি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই এর কাজ শেষ হবে।”
প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা শহরের সব মানুষকে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে মন্তব্য করে তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়িত হলে সিটি করপোরেশন এলাকার মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কাজে গতি আসবে।”
প্রকল্প পরিচালক কামালউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে খুলনা শহরের ১৫ লাখ মানুষের দৈনিক পানির চাহিদা গড়ে ২৪ কোটি লিটার। এ চাহিদা পূরণে খুলনা ওয়াসা ভূগর্ভস্থ স্তর থেকে উত্তোলিত মাত্র ১১ কোটি লিটার পানি সরবরাহে সক্ষম। তার মধ্যে ছয় কোটি লিটার নলকূপ ও পাঁচ কোটি লিটার পানি হাত-চাপকলের মাধ্যমে উত্তোলন ও সরবরাহ করা হয়। এটি মোট চাহিদার মাত্র ৪৫ শতাংশ।
সমুদ্রের উচ্চতা বাড়ার কারণে লবণাক্ততা বৃদ্ধি ও শিল্প বর্জ্যের আধিক্যের কারণে ভৈরব ও রূপসার পানি ‘পরিশোধন উপযোগী নয়’ বলে জানান কামালউদ্দিন।
তিনি বলেন, “খুলনায় একটি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা অতীব প্রয়োজনীয় হয়ে উঠেছিল, যা জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধির আওতামুক্ত থেকে খুলনা শহরে নিরবচ্ছিন্ন ও স্থায়ীভাবে পানি সরবরাহে সক্ষম হয়।”
খুলনা পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে সেই কাজটিই সম্পন্ন হতে চলেছে বলে জানান তিনি।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খুলনা শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অবস্থিত মধুমতি নদী থেকে পানি সংগ্রহের পর তা পরিশোধনের মাধ্যমে সিটি করপোরেশনে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শুষ্ক মৌসুমে এক থেকে দুই সপ্তাহ মধুমতির পানি কিছুটা লবণাক্ত হয়ে পড়ে। সে সময় জলাধারের পানি পরিশোধন করে প্রয়োজনীয় পানি সরবরাহ করা হবে।
এলমা মোর্শেদা বলেন, প্রকল্পের আওতায় মধুমতি নদী থেকে সামন্ত সেনা পর্যন্ত পানি আনতে যে কাজ হবে তার অর্থায়ন করছে জাইকা। আর সামন্ত সেনা থেকে খুলনা শহর পর্যন্ত পানি আনার কাজের খরচ দিচ্ছে এডিবি।
বাকি সব কাজের খরচ সরকারের কোষাগার থেকে যোগান দেওয়া হবে।
২০১১ সালের ২৭ জুন প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। জাইকা ও এডিবির আর্থিক সহায়তায় ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হলেও এর আওতায় নগরীতে ১০টি ডিস্ট্রিবিউশন রিজারভার এবং ১০টি ওভারহেড ট্যাংক নির্মাণ করা হচ্ছে।
