কেন্দ্রীয় ব্যাংকের ঋণ বিতরণ করবে আরও ৬ ব্যাংক
আর্থিক খাত সহায়তা প্রকল্পের (এফএসএসপি) তহবিল থেকে ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আরও ছয়টি বাণিজ্যিক ব্যাংক চুক্তি করেছে।
বৃহস্পতিবার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে।
এর মধ্য দিয়ে মোট ১৬টি বাণিজ্যিক ব্যাংক এই তহবিল থেকে ঋণ বিতরণে চুক্তিবদ্ধ হলো।
এর আগে দুই দফায় ১০টি ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের এই চুক্তি হয়।
এগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, আল-অরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
দেশের উৎপাদনশীল খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ সুবিধা সৃষ্টির জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক ৩৫ কোটি ডলারের এফএসএসপি তহবিল গঠন করেছে।
ওই সার্কুলারে বলা হয়, পাঁচ, সাত ও ১০ বছর মেয়াদে এই তহবিল থেকে উৎপাদনশীল খাতে বৈদেশিক মুদ্রায় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো; ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৬ দশমিক ৫০ শতাংশ।
অধিকাংশ মেয়াদী আমানত পাঁচ বছরের হওয়ায় ব্যাংকগুলো তহবিল ব্যবস্থাপনা জটিলতা এড়াতে ৫ বছরের বেশি মেয়াদে ঋণ দেয় না। তাই দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠনে করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক (এফএসএসপি- প্রকল্প পরিচালক) মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
