পৌর ভোটের কারণে এবার ‘ব্যাংক হলিডে’ ১ জানুয়ারি
পৌরসভা নির্বাচনের কারণে ‘ব্যাংক হলিডে’র দিন পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এক সার্কুলারে বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি এবার ‘ব্যাংক হলিডে’ হবে।
সাধারণত খ্রিস্টীয় পঞ্জিকা বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ থাকে। এদিন ব্যাংকগুলো নিজেদের সারা বছরের হিসাব মেলায়। তাই গ্রাহকদের সঙ্গে কোনো লেনদেন করে না।
এবার ৩০ ডিসেম্বর সারা দেশে পৌরসভাগুলোতে নির্বাচন হবে। নির্বাচনী এলাকায় সব প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে প্রায় সারাদেশে ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
“তাই ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার যথারীতি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এ পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করা হল,” বলা হয়েছে সার্কুলারে।
