২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার তথ্য প্রতিদিনই জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

আগামী ১ জানুয়ারি থেকে নগদ বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রতিদিনের তথ্য প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2015, 01:59 AM

Updated : 22 Aug 2022, 02:16 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ আদেশে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংক ও মানি চেঞ্জারকে (বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান) অনলাইনে এসব তথ্য জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

একই সঙ্গে প্রতিটি কেনা-বেচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও আইডি নম্বর সম্বলিত একটি স্বীকৃতিপত্র সরবরাহ করতেও বলা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য ফাঁকি বন্ধ করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের একজন কর্মকর্তা।

তিনি বলেন, “মানি চেঞ্জারগুলো কী পরিমাণ লেনদেন করল, প্রতি মাসে তা রিপোর্ট করে। তবে সেটি ম্যানুয়ালি হওয়ায় তারা যে পরিমাণ ডলার কেনে বা বিক্রি করে তার সঠিক হিসাব দেয় না। এতে অবৈধ লেনদেনের সুযোগ থাকে।

“এ কারণে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি গ্রাহককে বেচা বা কেনার একটি স্বীকৃতিপত্র দিতে বলা হয়েছে। গ্রাহকরা সচেতন থাকলে এসব প্রতিষ্ঠানের অবৈধ লেনদেনের সুযোগ কমে আসবে।”

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের পরে সব মানি চেঞ্জারগুলোকে নিজ দায়িত্বে দিন শেষে কার কাছে কত বৈদেশিক মুদ্রা স্থিতি রয়েছে তা অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে ঘোষণা করতে হবে।

সারাদেশে বর্তমানে ২৩৪টি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে বৈদেশিক মুদ্রা বিনিময় করে থাকে।

সম্প্রতি বাংলাদেশের বাজারে বৈদেশিক মুদ্রার নোটের সঙ্কট তৈরি হলে অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ডলার সরবরাহ করতে পারেনি। তখন বাংলাদেশ ব্যাংক নিজেই বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার নোট আমদানি করার উদ্যোগ নেয়।

কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুল্ক সুবিধা না পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আর নোট আমদানি করেনি। এরপর স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ৫০ লাখ ডলার মূল্যের বিদেশি নোট আমদানির অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বলেন, “এই সঙ্কটের সময় কোন প্রতিষ্ঠানের হাতে বিশেষ করে মানি চেঞ্জারগুলোর হাতে কী পরিমাণ বৈদেশিক মুদ্রা ছিল, তার স্পষ্ট কোনো তথ্য ছিল না কেন্দ্রীয় ব্যাংকের কাছে। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক বুঝে উঠতে পারছিল না যে কোনো প্রতিষ্ঠান ইচ্ছে করে সরবরাহ কমিয়ে সঙ্কট তৈরি করেছে কি না।”