উন্নয়ন হয়েছে, তাই যানজট: কৌশিক বসু
অর্থনৈতিক উন্নয়ন হওয়ায় বাংলাদেশকে যানজটের মতো সমস্যার মোকাবেলা করতে হচ্ছে মন্তব্য করে সুপরিকল্পনার মাধ্যমে তা সমাধানের পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গণবক্তৃতার শুরুতেই যানজট নিয়ে কথা বলেন এ বাঙালি অর্থনীতিবিদ।
“গতকাল রাত ১০টার সময় যখন হোটেলে ফিরছিলাম, তখন বারবার গাড়ি ভিড়ের মধ্যে আটকে যাচ্ছিল। বোঝা যাচ্ছে, এ দেশের বেশ অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এও বোঝা যাচ্ছে যে, কতরকম নতুন সমস্যা, উন্নয়নের সমস্যা একটি দেশকে মোকাবেলা করতে হয়।
“এই উন্নয়নের সমস্যাকে সুপরিকল্পনা দিয়ে সমাধান করতে হবে।”
‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গণবক্তৃতায় দীর্ঘ ৪৫ মিনিট ধরে বিশ্বায়ন, অবকাঠোমো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন কৌশিক বসু।
কলকাতা বড় হওয়া কৌশিক ৯০ এর দশকে ঢাকায় থাকার কথা স্মরণ করে বলেন, “অনেকদিন পর বাংলাদেশে এসে খুবই ইচ্ছে করছে গোড়ার কতক কথা বাংলায় বলি। ২২-২৩ বছর পরে ঢাকায় এলাম।
“কোলকাতায় মানুষ হয়েছি। ছোট বেলায় রবীন্দ্রনাথ, নজরুল, সুকুমার পড়ে মানুষ হয়েছি, ঢাকার লোকেরাও পড়েছে।”
বাংলাদেশে এসে ‘বাড়ি ফেরার মত ফিলিং হচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
“লন্ডন স্কুল অব ইকোনোমিকসে পড়েছি, সমসাময়িক অনেকেই ঢাকা থেকে সেখানে পড়তে গিয়েছিল। এবার ঢাকায় এসে তাদের অনেকের সঙ্গে দেখা হয়েছে; খুবই ভালো লাগছে।”
বক্তৃতার পর দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল; সমাপনী বক্তব্য দেন গভর্নর আতিউর রহমান।
