২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের সফরে ঢাকায় কৌশিক বসু

চার দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 09:06 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শনিবার ভোরেতিনি ঢাকা পৌঁছান বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বলে জানান আসাদুজ্জামান।

রাজধানীর সোনারগাঁও হোটেলে উঠেছেন বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু। সেখানে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার সন্ধ্যায় কৌশিক বসু আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষকদের সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি এক সময় গবেষণার কাজ করেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ঢাকায় এসেছেন কৌশিক বসু। বাংলাদেশের আর্থিক খাতে সবার অংশগ্রহণমূলক কার্যক্রমের সাফল্য সরেজমিন পরিদর্শনের জন্য বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ঢাকায় এসেছেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন কৌশিক বসু। পরে বেলা ৩টায় রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণ বক্তৃতা করবেন তিনি। বক্তৃতার বিষয় ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’।

সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন এই অর্থনীতিবিদ।

এরপর তিনি সাভার, গাজীপুর, মানিকগঞ্জ এলাকায় সৌর বিদ্যুৎ, এসএমই ঋণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ, মোবাইল ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিদর্শন করবেন।

১৯৫২ সালের ৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন কৌশিক বসু। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এই বাঙালি অর্থনীতিবিদ।

২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থনীতি বিষয়ে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও বই লিখে পাঠক নন্দিত হয়েছেন কৌশিক বসু।

ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছে।

পুরনো খবর:

বাংলাদেশের প্রবৃদ্ধি বিস্ময়কর: কৌশিক বসু