২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে উচ্চশিক্ষার মান বাড়াতে হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশে শিক্ষার মান উন্নয়নে সবার আগে উচ্চশিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

উচ্চ শিক্ষার অগ্রগতির লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় পরিচালিত ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট’ প্রকল্পের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মশালায় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মুহিত বলেন, “পৃথিবীর শিক্ষার মানোন্নয়নের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব, সর্বোচ্চ স্তরে সর্বাধিক গুণগত মান থাকতে হবে।

“আমরা সব সময় ধারণা করে এসেছি, আগে তৃণমূল পর্যায়ে সেরাটা নিশ্চিত করে এরপর উপরে যেতে হবে। কিন্তু এখানে আমাদেরকে ভিন্নভাবে ভাবতে হবে।”

শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে ‘বিশেষ গুরুত্ব’ দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এই প্রকল্প তা অর্জনেরই একটা উপায়। প্রকল্পটি পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছিল, যা পরে আরও ৫ বছর বাড়ানো হয।”

এই মেয়াদের পরে প্রকল্পে আর বিদেশি সহায়তা নাও থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, “বৈদেশিক সহযোগিতা ধরে রাখতে এই তিন বছরে আমাদের প্রতিষ্ঠান ও সক্ষমতার উন্নয়ন করতে হবে।”

প্রকল্প বিষয়ে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে অবশ্যই শেখানো, শেখা এবং গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গ্রোগ্রাম অন্য দুটি পয়েন্টে গুরুত্ব দিয়েছে, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উদ্ভাবন আর অপরটি বাস্তব জীবনের সঙ্গে যোগাযোগ।”

বাংলাদেশে শিক্ষা খাতের বিভিন্ন অগ্রগতি এবং এক্ষেত্রে সরকারের বিনিয়োগের কথা উল্লেখ করে মুহিত বলেন, “এটা সঠিক বিনিয়োগ। কারণ এটাই সাফল্যের গোপন সূত্র। যে সাফল্যই আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অর্জন করি না কেন, সেটা জনশক্তিতে বিনিয়োগ ছাড়া সম্ভব না। জনশক্তিই মূল সম্পদ।”

তিনি বলেন, “যদিও শিক্ষায় বরাদ্দ খুবই কম। তবু এটা আমাদের জীবন মান উন্নয়নে প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছে। এখন এই খাতে গুণগত মান সম্পর্কে সতর্ক হওয়া দরকার।”

এক্ষেত্রে শিক্ষা-শিল্প সম্পর্ক, শিক্ষা-কৃষি সম্পর্ক এবং শিক্ষা-ব্যবসা সম্পর্কের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “ফলপ্রসু শিক্ষা ও শিক্ষার মূল্য পেতে এটাকে আমাদের দেশের জীবনের বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত করতে হবে। ব্যবসা, শিল্প ও কৃষির সঙ্গে সম্পর্ক উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

“কারণ উচ্চশিক্ষা আমাদের আইডিয়া প্রদান করে, দৃষ্টান্ত স্থাপন করে এবং উদ্ভাবনের দিকে নিয়ে যায়। এই কারণে এই প্রকল্প যারা বাস্তবায়ন করছেন, তাদের নিজেদের প্রতি এবং দেশের প্রতি বড় দায়িত্ব রয়েছে।”

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত শিক্ষা সচিব এএস মাহমুদ, ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের অপারেশন অ্যাডভাইজার ক্রিস্টিন ই. কিমস বক্তব্য রাখেন।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।