২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শীতের হাওয়ায়’ কমেছে মূল্যস্ফীতি

মাঝখানে একমাস বাড়লেও অক্টোবরে সামান্য কমেছে মূল্যস্ফীতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

গত মাসে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ, যেখানে সেপ্টেম্বরে তা ৬ দশমিক ২৪ শতাংশ ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এ তথ্য মঙ্গলবার সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাজারে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। একইসঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ প্রায় সব ধরনের পণ্যের দাম নিম্নমুখী থাকায় তার ‘প্রভাব পড়ছে’ দেশের বাজারে।”

তিনি বলেন, “চলতি মাসে শীতকালীন সবজি ব্যাপকভাবে আসা শুরু হচ্ছে। এ কারণে এ মাসে মূল্যস্ফীতি আরও কমে আসবে।”

মন্ত্রী জানান, গত মাসে খাদ্য উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ, সেপ্টেম্বর মাসে তা ছিল ৫ দশমিক ৯২ শতাংশ।

অক্টোবরে খাদ্য বহির্ভূত উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ, তার আগের মাসে তা ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।

অক্টোবরে গ্রামীণ অঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ, আগের মাস সেপ্টেম্বরে তা ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

অক্টোবরে শহরাঞ্চলের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ। এর আগের মাসে তা ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ।