এলসি খোলা কমেছে
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।
জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন পণ্য আমদানির জন্য বাংলাদেশের ব্যাংকগুলোতে ৯৭৭ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ডলারের এলসি খুলেছেন আমদানিকারকরা, যা ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭৫ শতাংশ কম।
গত অর্থবছর প্রথম তিন মাসে এক হাজার ৮৩ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ডলারের এলসি খোলা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুলাই-সেপ্টেম্বর সময়ে চাল, গম, ডাল, দুগ্ধজাত খাবার ও চিনি আমদানি বাবদ খরচ কম হয়েছে।
তবে এই সময়ে শিল্পের মধ্যবর্তী কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, কয়লা, পেপার অ্যান্ড পেপার বোর্ড আমদানি গতবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমার কারণে আমদানি ব্যয় কম দেখালেও মোট পণ্যের হিসাবে আমদানি কম হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে চাল আমদানির জন্য ৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪৭ শতাংশ কম। গতবছর এ সময়ে ১০ কোটি ৩৬ ডলারের এলসি খুলেছিলেন চাল ব্যবসায়ীরা।
গম আমদানিতে এলসি কমেছে ২৬ দশমিক ৭৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৭ কোটি ৭৩ লাখ ডলারের গমের এলসি খোলা হয়। আগের বছর একই সময়ে খোলা হয়েছিল ৩৭ কোটি ৮৫ লাখ ডলারের এলসি।
চিনি আমদানির জন্য জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, গতবছর যার পরিমাণ ছিল ২৩ কোটি ১৯ লাখ ডলার। অর্থাৎ, এলসি কমেছে ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
ডাল আমদানিতে এলসি খোলা কমেছে ৩৮ দশমিক ৬২ শতাংশ। চলতি বছরের প্রথম তিন মাসে ৭ কোটি ১৭ লাখ ডলারের এলসি খোলা হয়েছে ডালের জন্য। আগের বছর হয়েছিল ১১ কোটি ৭০ লাখ ডলারের।
দুগ্ধজাত খাবার আমদানিতে এলসি খোলা কমেছে ৪৩ দশমিক ৬১ শতাংশ। এবার জুলাই-সেপ্টেম্বরে যেখানে ৩ কোটি ৭৬ লাখ ডলারের এলসি খোলা হয়েছে, গতবছর একই সময়ে হয়েছিল ৬ কোটি ৬৭ লাখ ডলারের।
খাদ্যপণ্য আমদানিকারক সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় চিনি আমদানি টাকার হিসেবে কমেছে। কিন্তু পরিমাণের হিসেবে আমদানি বেড়েছে।”
তিনি বলেন, গত বছর ৫২০ থেকে ৫৪০ ডলারে প্রতি টন চিনি আমদানি হয়েছে। আর এ বছর তা কমে হয়েছে ৩২০ থেকে ৩৪০ ডলার।
“গতবছর ১৬ লাখ টন চিনি আমদানি হয়েছিল। আর এ বছর ১৮ লাখ চিনি আমদানি হয়েছে। এজন্য বলা যাবে না চিনি আমদানি কমেছে। বলা যেতে পারে চিনি আমদানিতে ব্যয় কম হয়েছে।”
মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮৭ কোটি ৫৩ লাখ ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় ৬ দশমিক ৯৫ শতাংশ বেশি। ওইসময়ে ৮১ কোটি ৮৪ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল।
আর শিল্পের মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। গত জুলাই থেকে সেপ্টেম্বর সময় এ ধরনের পণ্য আমদানির জন্য ৭৩ কোটি ৪৭ ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছর ছিল ৬৮ কোটি ৮০ লাখ ডলার।
মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের মধ্যবর্তী পণ্যের আমদানি বাড়ার অর্থ হচ্ছে দেশে শিল্প খাতের সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বাড়ছে।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশিরভাগ কারখানা উৎপাদন খরচ কমানোর জন্য বিএমআরই করছে। ফলে মূলধনী যন্ত্রপাতি আনতে হচ্ছে। এছাড়া কোনো কোনো কারখানার সম্প্রসারণ হচ্ছে, নতুন কারখানাও হচ্ছে। ফলে মূলধনী যন্ত্রপাতি আসছে। আর রপ্তানির চাহিদা অনুযায়ী মধ্যবর্তী কাঁচামাল আমদানি হয়। রপ্তানিতে যেহেতু প্রবৃদ্ধি আছে, সেহেতু মধ্যবর্তী কাঁচামাল আমদানি বাড়াটাই স্বাভাবিক।”
সরকার চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ দিতে পারলে শিল্প খাতের আরও সম্প্রসারণ হবে বলে আশা প্রকাশ করেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালেদ।
নিউ এইজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, “বন্ধ গ্যাস সংযোগ চালু করায় ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। এ কারণে ব্যবসায়ীরা কারখানা সম্প্রসারণ ও উৎপাদনে আগ্রহী হচ্ছেন। এতেই মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী কাঁচামালের আমদানি বাড়ছে।”
বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী, তিন মাসের হিসেবে ভোজ্যতেল আমদানি ৭২ শতাংশ, তৈলবীজ ৫২ শতাংশ ও কয়লা আমদানি ৪ হাজার শতাংশ বেড়েছে।
আর কাঁচা তুলা আমদানি ২২ শতাংশ, সুতা আমদানি ১০ শতাংশ, ভাঙার জন্য জাহাজ আমদানি ৫১ শতাংশ, জ্বালানী তেল আমদানি ৪৯ শতাংশ ও রাসায়নিক সার আমদানি ২৫ শতাংশ কমেছে।
