২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিজিএস: চতুর্থ দিনেই লেনদেন ৯০০ কোটি টাকা

ব্যাংকিংয়ে নতুন সংযোজন রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)  চালু হওয়ার চতুর্থ দিনেই এ ব্যবস্থায় প্রায় নয়শ’ কোটি টাকা স্থানান্তর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 09:41 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

প্রতিদিনই এ পদ্ধতিতে লেনদেন বাড়ছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করীম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরটিজিএস ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে। এটা হওয়াই স্বাভাবিক। কারণ এই ব্যবস্থায় দ্রুত ও সহজে লেনদেন করা যায়। আমরা আশা করছি আরটিজিএসে মোট লেনদেন আরও বাড়বে।”

যে সব গ্রাহক অনলাইন ব্যাংকিং করেন তারা এক লাখ বা তার বেশি অংকের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করতে এই পদ্ধতি ব্যবহার করতে পারছেন।

২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেনের নিকাশ ব্যবস্থায় আরটিজিএস চালু করে।

ওইদিন এই ব্যবস্থায় ৩৪টি লেনদেন হয়। ওইসব লেনদেনের মাধ্যমে ব্যাংকগুলো ১৪ কোটি ৬৪ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা স্থানান্তর করে বলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ জানিয়েছে।

এরপরের দিন অর্থাৎ ১ নভেম্বর এ ব্যবস্থায় লেনদেন বেড়ে দাঁড়ায় ৫২৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার টাকায়। ৬৬টি পেমেন্টঅর্ডারে বাংলাদেশ ব্যাংক এই পরিমাণ অর্থ স্থানান্তর করে।

২ নভেম্বর ৮১টি পেমেন্ট অর্ডারে বাংলাদেশ ব্যাংক ৭৬৯ কোটি ২১ লাখ ২ হাজার ২২৪ টাকা স্থানান্তর করেছে।

আর মঙ্গলবার এটি গিয়ে দাঁড়িয়েছে ৮৭৫ কোটি ৫ লাখ ৬১ হাজার ৬০২ টাকায়। এদিন ৭৫টি পেমেন্ট অর্ডার এসেছে আরটিজিএসে।

আরটিজিএস পদ্ধতির মাধ্যমে এখন পর্যন্ত একটি পেমেন্ট অর্ডারে সর্বোচ্চ ১৯০ কোটি টাকা স্থানান্তর হয়েছে। ব্র্যাক ব্যাংক ও জনতা ব্যাংকের দুটি একাউন্ট থেকে এই অর্থ স্থানান্তর হয়েছে।

গ্রাহকের পক্ষে ব্যাংক থেকে পেমেন্ট অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই তা স্থানান্তর হয়ে যাচ্ছে অন্য ব্যাংকের হিসাবে। এতে এখনও পর্যন্ত কোনো খরচ করতে হচ্ছে না গ্রাহক বা ব্যাংকগুলোকে।

দেশের ৫৫টি ব্যাংকের ৫ হাজার শাখা বর্তমানে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে। দেশীয় মুদ্রার পাশাপাশি পাঁচটি বৈদেশিক মুদ্রার লেনদেন করার সুযোগ রয়েছে আরটিজিএসে।

এর আগে বাংলাদেশ অটোমেটেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ-ব্যাচ) আওতায় এক লাখ বা তার বেশি অঙ্কের টাকার চেকের আন্তঃব্যাংক লেনদেন হতে কমপক্ষে একদিন সময় লাগত।

ক্লিয়ারিং হাউজে এক ব্যাংক অন্য ব্যাংকের চেক সকালে জমা দিলে ওই চেকের অর্থ জমাকারী ব্যাংকের হিসাবে আসতে বিকাল হয়ে যেত।

আর বিকেলে জমা দিলে পরের দিন দুপুর পর্যন্ত লেগে যেত। কিন্তু আরটিজিএস ব্যবস্থায় তা হচ্ছে সাথেসাথেই।

যেভাবে সম্পন্ন হয় আরটিজিএস

কোনো একটি ব্যাংকের গ্রাহক তার নিজের একাউন্ট থেকে অনলাইনে সংশ্লিষ্ট ব্যাংকের ট্রেজারি বিভাগে জানাবে যে, তার একাউন্ট থেকে অন্য একটি ব্যাংকের কোনো গ্রাহকের একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হবে। ব্যাংকের ট্রেজারি বিভাগ ওই পেমেন্ট অর্ডার বাংলাদেশ ব্যাংকের আরটিজিএসে পাঠানোর সাথে সাথেই সেই একাউন্টে ওই পরিমাণ টাকা জমা হয়ে যাবে।