‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না ব্যাংকগুলো’
বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ পরিপালনে দ্বিতীয়বারের মতো নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বিভিন্ন সেবার বিপরীতে বিদেশ থেকে আয় করা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ‘সি’ ফরমের ঘোষণা ছাড়াই গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল।
কিন্তু ব্যাংকগুলো এ নির্দেশ পরিপালন না করায় রোববার আবার সেই একই নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে রোববার জারি করা সার্কুলারে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ওই সার্কুলারে দেশের বাইরে ব্যবসায়ী সেবা, পেশাগত অথবা গবেষণা সেবা অথবা এডভাইজরি সার্ভিস দিয়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ১০ হাজার ডলার বা সমমূল্যের অন্য কোন বৈদেশিক মুদ্রা আয় করলে সেই অর্থ ‘সি’ ফরমের ঘোষণা ছাড়াই দেশে প্রত্যাবাসনের সুযোগ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
আন্তর্মুখী রেমিটেন্স প্রবাহ সহজ করতেই ওই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
তবে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনা মানছে না। ১০ হাজার ডলার বা তার কম পরিমাণের অর্থের বেলায়ও ব্যাংকগুলো গ্রাহকদের থেকে ‘সি’ ফরমে ঘোষণা নিচ্ছে, নতুবা একাউন্টে অর্থ জমা করছে না।
‘সি’ ফরম হচ্ছে, আন্তর্মুখী রেমিটেন্সের একটি ঘোষণা পত্র, যেখানে এই অর্থ কোন দেশ থেকে কীভাবে আয় করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা থাকে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন গ্রাহক গভর্নরের কাছে অভিযোগ করায় নতুন করে ‘সি’ ফরমের ঘোষণা ছাড়াই সেবার বিপরীতে বিদেশ থেকে আয় করা ১০ হাজার ডলার গ্রাহকের একাউন্টে জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর এনাম আহমেদ বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে তিনি বিদেশ থেকে এক হাজার ৭০০ ডলার আনতে চেয়েছিলেন। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘সি’ ফরমের ঘোষণা ছাড়া তা আনতে চায়নি।
“এরকম আরও কিছু অভিযোগ এসেছে বাংলাদেশ ব্যাংকে, যার ফলে নতুন করে এই নির্দেশনা দেওয়া হল।”
ব্যাংকগুলো অভ্যসগত কারণে নতুন এই ব্যবস্থায় আন্তর্মুখী রেমিটেন্স আনতে চায় না বলে মনে করেন এই কর্মকর্তা।
