অভিনন্দনের ছবিতে গভর্নরের ‘না’
নানা পুরস্কারজয়ে বিভিন্ন আর্থিক খাতের প্রতিষ্ঠান কিংবা এই সংশ্লিষ্ট সংগঠন অভিনন্দন জানালেও সেই ছবি প্রকাশ না করতে বলেছেন গভর্নর আতিউর রহমান।
বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব গণমাধ্যমকে এই অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্যিক সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ তাকে এশিয়ার ‘গভর্নর অফ দি ইয়ার’ মনোনীত করে।
এসব পুরস্কার অর্জন করায় আর্থিক খাত ও এ খাতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে গভর্নরকে অভিনন্দন জানানোর পর ওই সব ছবি আবার বিভিন্ন সংবাদপত্রে ছাপা হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবাদ বা বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে এ ধরনের অভিনন্দন প্রদানের ছবি সংবাদপত্রসহ অন্যান্য গণমাধ্যমে ছাপানো বা প্রচার করা কোনোভাবেই কাম্য নয়।
“এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অভিনন্দন প্রদানের ছবি না ছাপানো কিংবা প্রচার না করার জন্য সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে অনুরোধ করা যাচ্ছে।”
কী প্রেক্ষাপটে এই অনুরোধ করা হল- জানতে চাইলে আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপনের মাধ্যমে গভর্নরকে অভিনন্দন জানাচ্ছে। এটা দেখতে খারাপ দেখা যায়।
আতিউর রহমান (ফাইল ছবি)
“অনেক ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ, এনজিও-ও বিজ্ঞাপনের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে। এসব বিজ্ঞাপনও যাতে ছাপানো না হয়, সেজন্য আমরা এই অনুরোধ করেছি।”
১০ অক্টোবর পেরুর লিমাতে গভর্নর দ্য ইমার্জিং মার্কেটসের সম্মাননা নিয়ে ১৬ অক্টোবর দেশে ফেরেন গভর্নর।
ফেরার পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গভর্নরকে অভিনন্দন জানাতে এক অনুষ্ঠান আয়োজন করেন। ওই অনুষ্ঠানের ছবি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও তোলা হয়।
এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা গভর্নরের অফিসে গিয়ে অভিনন্দন জানাচ্ছেন।
