৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্ব ব্যাংকের
অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি আয় প্রত্যাশিত পরিমাণে বাড়লে বাংলাদেশ চলতি অর্থবছর ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।
আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থা বলছে, বাংলাদেশ সরকার এ বছর ৭ শতাংশ প্রবৃদ্ধির যে আশার কথা শুনিয়েছে, তা অর্জন করতে হলে বেসরকারি খাতে ‘প্রচুর বিনিয়োগ’ পেতে হবে।
মঙ্গলবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এই পূর্বাভাস দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও তা যে অব্যাহত থাকবে, সেই ‘নিশ্চয়তা নেই’।
“সে কারণেই বলছি, ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন নির্ভর করছে ভোগ বৃদ্ধি (চাহিদা) ও রপ্তানি আয় বাড়ার ওপর। এই প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জনও সম্ভব; যদি বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ নিয়ে আসা যায়।”
সরকার এবার বাজেটে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা করলেও গত জুনে বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছিল, প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে না। ‘রাজনৈতিক অনিশ্চয়তা’ অর্থনীতির গতি কমিয়ে দিতে পারে বলেও সেখানে আভাস দেওয়া হয়েছিল।
অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গত মাসে তাদের বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৫’-এ বলে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় এবং সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবার বাংলাদেশের পক্ষে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
বিশ্ব ব্যাংকের জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন ‘ভালো’। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল; মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে।
“বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণও কম। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।”
তবে আন্তর্জাতিক বাজারে ‘প্রতিযোগিতায় সক্ষমতার ঘাটতির’ কারণে বাংলাদেশের ‘উদ্বিগ্ন হওয়ার কারণ আছে’ বলে মনে করেন বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ।
তিনি বলেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতায় পণ্য ও সেবার ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো না। গত অর্থবছর রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি ভালো হলেও চলতি বছরে তা কমার লক্ষণ দেখা দিয়েছে...।”
২০১৪-১৫ অর্থবছরে রেমিটেন্সে ৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও জনশক্তি রপ্তানি কমায় প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন জাহিদ হোসেন।
তিনি বলেন, রপ্তানি বাজার এবং পণ্য বহুমুখিকরণের কথা বলা হলেও বাস্তবে তার সুফল খুব একটা পাওয়া যাচ্ছে না।
“গত অর্থবছরে রপ্তানি আয়ে ৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি হলেও এবার প্রবৃদ্ধি হবে কি না- তা নিয়ে সংশয় আছে। কেননা জুলাই-সেপ্টেম্বর সময়ে এক শতাংশেরও কম প্রবৃদ্ধি হয়েছে।”
এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ায় জিডিপি প্রবৃদ্ধিতে দশমিক ৯ শতাংশ পয়েন্ট যোগ হবে বলে হিসাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
জাহিদ হোসেনের যুক্তি, বেতন বাড়ায় ক্রয়ক্ষমতা বাড়বে। তাতে চাহিদা এবং উৎপাদনও বাড়বে।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশ গড়ে ৬ দশমিক ২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভিয়েতনামের চেয়ে বেশি। তবে চীন, ভারত ও শ্রীলঙ্কার চেয়ে কম।
এই সময়ে ইন্দোনেশিয়া ৫ দশমিক ৬ শতাংশ, পাকিস্তান ৩ দশমিক ৯ এবং ভিয়েতনামে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে চীনে ৮ দশমিক ৩ শতাংশ, ভারতে ৭ দশমিক ৩ শতাংশ এবং শ্রীলংকায় ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি ইয়োহানেস জুটও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ৩০ অক্টোবর বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে।
