২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কিনতে সরকারি ৪ ব্যাংকের ৭০০ কোটি টাকা ঋণ

কোরবানির পশুর চামড়া কিনতে রাষ্ট্র মালিকানাধীন চারটি বাণিজ্যিক ব্যাংক ৭০০ কোটি টাকা ঋণ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

কোরবানির ঈদের আগে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছর এই ব্যাংকগুলো এই খাতে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছিল। এবার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ২০০ কোটি টাকা বেড়েছে।

বাংলাদেশের চামড়ার চাহিদার অর্ধেকের বেশি ঈদুল আজহায় কোরবানি করা পশু থেকে পূরণ হয়। ব্যবসায়ীরাও এই সময়টাতেই চামড়া কেনেন বেশি। 

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর তারা ৫০ কোটি টাকা ঋণ দিলেও এবার দেবেন ১৩৫ কোটি টাকা।

“এখাতের ঋণ আদায় সন্তোষজনক হওয়ায় এবছর আমাদের পরিচালনা পর্ষদ বেশি ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে,” বলেন তিনি।

তবে কোনো খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে নতুন করে ঋণ না পায় সেদিকে কঠোর নজরদারি থাকবে বলে রূপালী ব্যাংকের এই কর্মকর্তা জানান।

Image
কোরবানির পশুর এই চামড়াই বড় জোগান চামড়া শিল্পের

কোরবানির পশুর এই চামড়াই বড় জোগান চামড়া শিল্পের

এছাড়া আগের বিতরণ করা ঋণ যেসব গ্রাহক সময়মতো পরিশোধ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সোনালী ব্যাংক এবছর প্রায় ২০০ কোটি টাকা ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।  

এখাতে সোনালীর বকেয়া ঋণ আছে ১২২ কোটি। সব মিলিয়ে তাদের এবার ঋণ বিতরণের লক্ষ্য ১৯৫ কোটি টাকা। এর মধ্যে তিনজন নতুন গ্রাহককে দেওয়া হবে ৭৩ কোটি টাকা।

জনতা ব্যাংক ২৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত মঙ্গলবার পর্যন্ত ২৩০ কোটি টাকা ঋণের জন্য আবেদনও পেয়েছেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা।

অগ্রণী ব্যাংক ১২০ কোটি টাকা ঋণ দেবে।

এসব ব্যাংকের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক এই খাতে শাখা পর্যায় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর অর্ধেকের বেশি চামড়া কোরবানির ঈদে সংগ্রহ করে থাকেন ব্যবসায়ীরা।

এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের ও ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া।

এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা দরে কিনবেন বলে ট্যানারি মালিকরা ঠিক করেছেন।

পুরনো খবর:

শঙ্কায় চামড়া ব্যবসায়ীরা
চামড়ার মূল্য নির্ধারণ, দাম এবারও কমল