ভল্টের সামনে চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ
বাংলাদেশ ব্যাংকের ভল্ট রুমের সামনে থেকে টাকা চুরি ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে নির্বাহী পরিচালক আহমেদ জামালকে বিশেষ দায়িত্ব দিয়েছেন গভর্নর আতিউর রহমান।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি আছে কি না তা খতিয়ে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আহমেদ জামালের সঙ্গে আরও দুজন মহাব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ভল্ট চুরির পর নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের তাগিদের মধ্যে এই ঘটনা ঘটার দুদিন পর গভর্নর মঙ্গলবার অফিসে এসে আহমেদ জামালকে ওই দায়িত্ব দেন।
মাহফুজুর রহমান বলেন, “এই ঘটনা কীভাবে ঘটেছে, এর সাথে কে বা কারা জড়িত, কারও দায়িত্বে অবহেলা আছে কি না তা তদন্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে দায়িত্ব দিয়েছেন গভর্নর।”
২০ সেপ্টেম্বর বিকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট রুমের (যেখান থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে টাকা দেওয়া ও নেওয়া হয়ে থাকে) সামনে থেকে ডাচ বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার একটি বান্ডিল খোয়া যায়।
ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মী দীপক চন্দ্র দাস ওই বান্ডিলটি নেন বলে পরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা চিত্রে দেখা যায়।
ডেকে আনা হলে দীপক দাস প্রথমে অস্বীকার করলেও ভিডিও দেখানোর পর স্বীকার করে ওই অর্থ ফেরত দেন বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
দীপকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি গভর্নরের কাছেও বিষয়টি চেপে যাওয়া হয়েছিল। মঙ্গলবার সংবাদপত্রে খবর দেখে গভর্নর সকালে অফিসে এসেই ক্ষোভ প্রকাশ করেন বলে কর্মকর্তারা জানান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিকালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা অফিসকে একটি চিঠি দিয়ে দীপক চন্দ্র দাসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান জানিয়েছেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এরই মধ্যে ওই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বলেও সাংবাদিকদের জানান তিনি।
কর্মকর্তারা জানান, রোববার বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতে আসেন ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি। এর পরপরই একই কাজে আসেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ওই প্রতিনিধি। ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি ভল্ট থেকে টাকা নিয়ে সামনে রাখলে মুহূর্তেই সেখান থেকে এক হাজার টাকার নোটের একটি বান্ডিল (৫০০টি নোট) সরিয়ে নেন দীপক।
বাংলাদেশ ব্যাংকের এই ভল্ট রুম ও ভল্ট রুমের আশপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এবং এই সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে একজন নিয়োজিত থাকেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মী ও আইনশৃংখলা বাহিনীর সদস্যও এই এলাকার পাহারায় থাকেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা শার্ট গায়ে এক ব্যক্তি (ডাচ্ বাংলা ব্যাংকের প্রতিনিধি) ভল্ট থেকে টাকা বুঝে নিচ্ছেন। তার পেছনে চেয়ারে বসে আছেন আরেকজন সাদা শার্ট গায়ে দেওয়া ব্যক্তি (স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধি দীপক)। বিকেল ৫টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে বসা ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টাকা বুঝে নেওয়া ব্যক্তির পেছনে গিয়ে দাঁড়ান। দু/এক পা এদিক-সেদিক হাঁটাহাঁটির পর ৫টা ৭ মিনিট ৩২ সেকেন্ডে সারি-সারি রাখা টাকার বান্ডিল থেকে একটি নিয়ে আবার বসে পড়েন। কিছুক্ষণের মধ্যে একটি কালো ব্যাগে টাকা ঢুকিয়ে ৫টা ৮ মিনিট ৪ সেকেন্ডে তিনি ওই জায়গা থেকে বাইরে যান। বাইরে প্যাকেটটি রেখে ফের এসে নিজের ব্যাংকের টাকা নিয়ে চলে যান তিনি।
এরপর ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি একটি বান্ডিল না পাওয়ায় সেটির খোঁজ পড়ে। সিসিটিভির ফুটেজ দেখে দীপক চন্দ্রের টাকা সরানোর বিষয়ে নিশ্চিত হন কর্মকর্তারা। ততক্ষণে ব্যাংক থেকে সটকে পড়েন দীপক।
পরে তাকে ডেকে এনে টাকা ফেরত নিয়ে ছেড়ে দেওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় ব্যাংকেই।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ছাড়া হয়নি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যথাযথ ব্যবস্থা নেবে বলে গ্যারান্টি দেওয়ায় ব্যাংকের জিম্মায় তাকে দেওয়া হয়েছে।
“এছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে আমরা চিঠি দিয়ে বলেছি, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে। আইনগত পদক্ষেপও তারাই নিবে।”
