আয়কর মেলায় ৬ দিনেই আদায় গত বছরের সমান
এবারের আয়কর মেলা শেষ হতে এক দিন বাকি থাকতেই আগের বছরের সমান কর আদায় হয়েছে।
সোমবার ষষ্ঠ দিনে ৩০২ কোটি ২৩ লাখ টাকার কর আদায় হয়েছে। আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছেন ২৪ হাজার ৭৪৯ জন।
সবমিলিয়ে এই ছয় দিনে সারা দেশের মেলাগুলো থেকে ১ হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা কর আদায় হয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন।
এই অঙ্ক গত বছরের সপ্তাহব্যাপী মেলার প্রায় সমান এবং ছয় দিনের চেয়ে ২৫ শতাংশ বেশি।গতবার প্রথম ছয় দিনে এক হাজার ৩১৫ কোটি ৪৫ লাখ টাকার কর আদায় হয়েছিল।
গত বছরের মেলা থেকে মোট ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছিলেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ টিআইএনধারী।
এবার প্রথম ছয় দিনে আয়কর বিবরণী জমা দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৫৫ জন করদাতা।
মেলার প্রথম দিন ১৫৩ কোটি টাকার কর আদায় হয়েছিল। দ্বিতীয় দিনে তা প্রায় তিনগুণ বেড়ে হয় ৫২৭ কোটি টাকা। তৃতীয় দিন আদায় হয় ২২৩ কোটি ৬০ লাখ টাকা। চতুর্থ দিন ১৯৩ কোটি ৩ লাখ টাকা। পঞ্চম দিনে আদায় হয় ২৪১ কোটি ৭৬ লাখ টাকা।
মেলা শেষের আগের দিন ঢাকায় অফিসার্স ক্লাবে মেলায় করদাতাদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সোমবার ঢাকাসহ সাতটি বিভাগ, ২৪টি জেলায় একযোগে আয়কর মেলা বসে। বিভিন্ন উপজেলায়ও ভ্রাম্যমাণ মেলার আয়োজন ছিল।
মেলায় অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বিকালে অফিসার্স ক্লাবে আয়কর মেলা পরিদর্শন করেন।
তিনি মেলার বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং মেলায় দেওয়া সেবার খুঁটিনাটি জানতে চান। তিনি মেলায় আসা বিভিন্ন করদাতার সঙ্গে কথাও বলেন।
সামগ্রিক আয়োজনে সন্তোষ প্রকাশ করে মুহিত সাংবাদিকদের বলেন, “মেলায় করদাতাদের সঙ্গে কথা বলে জেনেছি, মানুষ হয়রানি ছাড়াই রিটার্ন জমা ও কর দিতে পারছেন। মেলার পরিধি এবারও বাড়ানো হয়েছে। আগামীতে মেলার সময়-পরিধি দুটোই বাড়ানো হবে।”
এ ধরনের উদ্যোগ (মেলা) করদাতা বাড়াতে সহায়তা করবে বলে প্রতাশা করেন মুহিত।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুর রাজ্জাকসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন।
মঙ্গলবার শেষ দিন
মঙ্গলবার শেষ হবে সপ্তাহব্যাপী আয়কর মেলা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলার পর মেলার ইতি ঘটবে।
বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান থাকবেন বিশেষ অতিথি।
১৬ সেপ্টেম্বর সকালে ঢাকার অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।
এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এ মেলার আয়োজন করা হয়েছে।
