শিশুদের নৈতিকতার শিক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের ছড়ার বই
শিশু-কিশোরদের নৈতিকতা শিক্ষা দিতে একটি ছড়ার বই প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক অনুষ্ঠানে ‘ছড়া ছড়ায় শুদ্ধাচার’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন গভর্নর আতিউর রহমান।
সরকারের ঘোষিত জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে বইটি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বইটিতে ৫৩ জন ছড়াকারের ১০০টিরও বেশি ছড়া স্থান পেয়েছে। ছড়াগুলোতে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে এগুলোর প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে।
চিত্র শিল্পী হাশেম খান, কার্টুনিস্ট রফিকুন নবী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী হায়দার আলী মিঞাসহ দেশের বেশ কয়েকজন কবি ও ছড়াকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভর্নর বলেন, “এই ছড়াগুলো যদি দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের মনোজগতে এর বড় একটি প্রভাব পড়বে। ছড়াগুলো পড়ে তাদের মধ্যে নৈতিকতার চর্চার প্রতি আগ্রহ জাগবে।
“শুদ্ধাচার মানেই সুশাসন। আর সুশাসন মানেই সচ্ছতা। আমরা ব্যাংকগুলোকে সেই আলোর নিচে নিয়ে আসার চেষ্টা করছি।”
সরকারি খাতের ব্যাংকগুলো এখনো ‘অন্ধকারে’ রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “এদেরকে এখনো সম্পূর্ণ ডিজিটাইজড করা সম্ভব হয়নি।”
অনুষ্ঠানে জানানো হয়, শুদ্ধাচারের এই ছড়াগুলোকে জেলায় জেলায় বিলবোর্ডে আকারে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে এমন ২০টি বিলবোর্ড করে দেওয়ার ঘোষণা দেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপন পরিচালক হায়দার আলী মিঞা।
