অবকাঠামোয় নয়, ওরা ঋণ দেয় সৌন্দর্য-সচেতনতায়: প্রতিমন্ত্রী
ঋণ দেওয়ার ক্ষেত্রে দাতাদের শর্ত বেঁধে দেওয়ার সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর, গভীর সমুদ্র বন্দর, সারাদেশে বিদ্যুতায়ন, পদ্মা সেতু, রেলওয়ে প্রকল্পের জন্য বিদেশিরা ঋণ দেয় না।
“তারা বলেন, তোমরা যথেষ্ট সক্ষম। গ্রামীণ শিক্ষা ক্ষেত্র, সমাজকে সচেতন এবং সক্ষমতা বৃদ্ধি, পরিবেশকে সুন্দর রাখার জন্য ঋণ গ্রহণ কর।”
পরিবেশ নিয়ে কাজের জন্য ঋণ দিতে বিদেশিদের আগ্রহের কথা জানিয়ে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “যে পরিবেশকে ব্যবহার করে বিদেশিরা বিশ্বের শীর্ষে আরোহণ করল, সেই পরিবেশ রক্ষার দায়িত্ব এখন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।
“গত চারশ বছর এই পরিবেশ খেয়ে কারা বড় হয়েছে? যারা একটা পাখি মারার জন্য দশটা-বিশটা জাহাজ নিয়ে অভিযানে যায় তারাই বলে পরিবেশ রক্ষা কর। হাজার হাজার মানুষ মারতে যাদের চোখের পাতাও নড়ে না, তারা আবার মানবাধিকারের কথা বলে।”
বিদেশি ঋণের সুদ কম হলেও তারা বিভিন্ন ধরনের শর্ত দিয়ে থাকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এ কারণে এই ঋণের একটা বড় অংশ কনসালটেন্সির কাজে চলে যায়। আবার জিনিসপত্র কিনতেও বিদেশি উপদেশ মানতে হয়।
“মানুষ শুধু দেখে এত টাকা আসল কাজের কোনো অগ্রগতি নাই। ভিতরের খবর কেউ জানে না, রাখে না। আমাদের কোনটা প্রয়োজন তা আমাদের ঠিক করার কথা। কিন্তু আসলেই আমরা তা করতে পারি না।”
তিনি বলেন, “মিডিয়াতে বলা হয়, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে এত এত কোটি টাকার প্রকল্প সই করেছে। আসলে কথা হল একটাও কিন্তু খয়রাত নয়। ঋণদাতা দেশগুলোর অর্থনীতি সারা বিশ্বকে শোষণ করে ফুলেফেঁপে উঠেছে। সেখানে ব্যাংকে টাকা রাখলে লাভ তো দূরের কথা উল্টো মূলধন থেকে কেটে রাখা হয়।
“তাদের দেশে আর বিনিয়োগের জায়গা নেই। তাই তারা টাকা নিয়ে আমাদের দেশে উড়ে আসে। আমাদের এখানে তারা ২/৩ শতাংশ লাভ পেলেই তাদের অনেক লাভ হয়।”
রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং কার্জন হল পরিবেশ ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে সেমিনার হয়।
