২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম দিনে কর আদায় ২৪২ কোটি টাকা

আয়কর মেলার পঞ্চম দিনে ২৪২ কোটি টাকার কর আদায় হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রিটার্ন জমা দিয়েছেন ২০ হাজার ৯৮৮ জন করদাতা। সেবা নিয়েছেন এক লাখ ৮ হাজার ৮৫৯ জন।

সবমিলিয়ে এই পাঁচ দিনে সারা দেশের মেলা থেকে এক হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকার কর আদায় হয়েছে।

এই অংক গত বছরের মেলার পাঁচ দিনের চেয়ে ২২ শতাংশ বেশি।

২০১৪ সালের আয়কর মেলা থেকে পঞ্চম দিন পর্যন্ত এক হাজার ৯৭ কোটি টাকার কর আদায় হয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়ে বলা হয়, মেলার পঞ্চম দিনেও করদাতাদের ব্যাপক উপস্থিতি ছিল। করদাতারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় সেবা গ্রহণ, আয়কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন এবং আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

রোববার রাজধানী ঢাকাসহ সাতটি বিভাগ, ৫১টি জেলা, ১০টি উপজেলা এবং ৬টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলা একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় মেলায় বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক করদাতা তাদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। কর সংক্রান্ত নানা বিষয়ে সেবাও নিয়েছেন অনেকে।

সোমবার ও মঙ্গলবার আয়কর মেলা যথারীতি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে।

বুধবার সকালে ঢাকার অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’।

মেলার প্রথম দিন ১৫৩ কোটি টাকার কর আদায় হয়েছিল। দ্বিতীয় দিনে তা প্রায় তিনগুণ বেড়ে হয় ৫২৭ কোটি টাকা। তৃতীয় দিন শুক্রবার আদায় হয় ২২৩ কোটি ৬০ লাখ টাকা। চতুর্থ দিন হয়েছে ১৯৩ কোটি ৩ লাখ টাকা।

এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এ মেলার আয়োজন চলছে।

ঢাকা ও বিভাগীয় শহরে এই মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত; জেলা শহরে চারদিন এবং উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ মেলা হচ্ছে।

গত বছরের মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আয়কর বিবরণী দাখিল করেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন।