জ্বালানি খাতে সংস্কার হলেই বিশ্বব্যাংকের বাজেট সহায়তা: অর্থমন্ত্রী
বাংলাদেশের জ্বালানি খাতে বিশ্বব্যাংকের সংস্কার প্রস্তাব পুরো বাস্তবায়ন করলেই দাতা সংস্থাটি আবার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার শেরেবাংলা নগরে ঢাকা সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
এই বাজেট সহায়তা ৫০ কোটি ডলারের হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আগামী মাসে পেরুতে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।”
এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “সম্প্রতি আমরা বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় করেছি। কিন্তু তাদের ওই প্রস্তাব বাস্তবায়নে আরো কিছুটা বাকি রয়েছে।”
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে তেলের দাম কমানোর বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমরা এখনই সহসাই কিছু করবো না।”
সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সেই হারে বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকা, পেট্রোল ৯৬ টাকা, কেরোসিন ও ডিজেল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ব বাজারে গত এক বছর ধরে জ্বালানি তেলের দরপতন চললেও ভর্তুকির লোকসান থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে তুলতে দাম অপরিবর্তিত রাখে সরকার।
অর্থমন্ত্রী বলেন, বৈঠকে বিশ্বব্যাংকের ঋণ কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো বিশ্বব্যাংকও সব ধরণের ঋণ একীভূত (নমনীয় ও অনমনীয় হিসেবে) করার প্রক্রিয়া শুরু করতে চায়।
বৈঠকের পর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানট ডিক্সন সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব সহায়তার গতি আরও বাড়াতে চায়।
বিশেষ করে যেসব প্রকল্প বাস্তবয়নে করলে জিডিপি প্রবৃদ্ধি দ্রুত বাড়বে সেসব প্রকল্পে অর্থায়নে সংস্থাটি আগ্রহী বলে জানান তিনি।
অ্যানেট বলেন, “গেল অর্থবছরে বিশ্বব্যাংক ১৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় এক বিলিয়ন ডলার ছাড় করেছে।”
বাজেট সহায়তা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা নিয়ে কথা হয়েছে। লিমায় সাধারণ সভায়ও এটা নিয়ে কথা হতে পারে।
